
বায়োস্কোপের হাতল ঘোরাচ্ছিলেন উৎসবের উদ্বোধক রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। ঘোরাতে ঘোরাতে তিনি একসময় নিয়ে এলেন উৎসবের ‘লোগো ফিল্ম’। আর শিশুরা বায়োস্কোপে চোখ লাগিয়ে সেই দৃশ্য দেখে। এভাবেই গতকাল শনিবার সকালে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘নবম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব’র উদ্বোধন করা হয়।
চিলড্রেনস ফিল্ম সোসাইটি, রাজশাহীর উদ্যোগে আয়োজিত এ উৎসব আজ রোববারও চলবে।
উৎসবের আহ্বায়ক চলচ্চিত্র নির্মাতা আহসান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায় ও মিশন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মারিয়া অলকা মণ্ডল। স্বাগত বক্তব্য দেন উৎসব পরিচালক এফ এম এ জাহিদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উৎসবের সদস্যসচিব আসমা উল হুসনা।
ফজলে হোসেন বাদশা বলেন, এই চলচ্চিত্র উৎসবের মাধ্যমে আগামী দিনে সুস্থধারার চলচ্চিত্র নির্মাতা ও দর্শক তৈরি হবে। উৎসবে দেশি-বিদেশি চলচ্চিত্র দেখার অভিজ্ঞতা শিশুদের আন্তর্জাতিক সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেবে। তিনি বলেন, চলচ্চিত্রের মাধ্যমে শিশুদের মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে। তাহলেই দেশ থেকে জঙ্গিবাদ ও মৌলবাদ নির্মূল করা যাবে।
রাজশাহীর শিশু চলচ্চিত্রসহ সব সাংস্কৃতিক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার ব্যাপারে যথাযথ ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিলেন অভিজিৎ চট্টোপাধ্যায়। বিশেষ করে দুই বাংলার সংস্কৃতি নিয়ে কাজ করার ইচ্ছা আছে তাঁর।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ঢাকার বাইরে নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রত্যাবর্তন প্রদর্শন করা হয়। উৎসবের অংশ হিসেবে আজ রোববার রাজশাহী শিল্পকলা একাডেমি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন, নগরের পদ্মা মঞ্চ, বড়কুঠি মুক্তমঞ্চ ও শিমুল মেমোরিয়াল হলে ২৩টি দেশের শতাধিক চলচ্চিত্র প্রদর্শন করার কথা।