শিশু জিহাদের পাশে প্রিয়তি

তিন রাত ঘুমাননি। উড়ে এসেছেন আয়ারল্যান্ড থেকে। সাগর-মহাসাগর পেরিয়ে যখন বাংলাদেশে পা রেখেছেন মাকসুদা আকতার প্রিয়তি, তখন সকাল সাড়ে ১০টা। কিন্তু নির্ঘুম রাত কিংবা পথের ক্লান্তি কোনো কিছুই তাঁর মধ্যে নেই। বিকেলে যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এলেন, তখন প্রিয়তি যথারীতি প্রাণবন্ত।

গতকাল বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন তিনি। উদ্দেশ্য শিশু জিহাদকে দেখা ও আর্থিক সহযোগিতা করা। গেল মাসে মিরপুর ১০ নম্বরে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে জিহাদ। এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে সে অচেতন অবস্থায় আছে। ফেসবুকের মাধ্যমে যোগাযোগ রেখেছিলেন শিশু জিহাদের আত্মীয়স্বজনদের সঙ্গে। ঢাকায় নেমেই তাই শিশুটিকে দেখতে গিয়েছিলেন।
অবশ্য দিনের শুরুতে প্রিয়তি গিয়েছিলেন অসুস্থ অভিনেত্রী দিতিকে দেখতে। সেখান থেকেই জিহাদকে দেখতে যান তিনি।
মেডিকেল থেকে বেরিয়ে বললেন, ‘এবার বাংলাদেশে আসার মূল কারণ দুজন অসুস্থ মানুষকে দেখতে যাওয়া। ঢাকায় নেমেই সবার আগে এই দুটি কাজ সারলাম।’

প্রিয়তি জানিয়েছেন, ঢাকায় তিনি থাকবেন সপ্তাহ দুয়েক। এর মধ্যে কয়েকটি সামাজিক সংগঠনের কাজ দেখতে যাবেন। এ ছাড়া চট্টগ্রামও যাবেন দুদিনের জন্য। আর ২১ ফেব্রুয়ারিতে যাবেন শহীদ মিনারে।
প্রিয়তি বলেছেন, ‘ভাষাশহীদদের শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারে যাব। অনেক দিনের ইচ্ছে। এটা এবার পূরণ হবে।’
মাকসুদা আকতার প্রিয়তির জন্ম ঢাকায়। তিনি প্রায় ১৫ বছর ধরে আয়ারল্যান্ডে থাকেন। ২০১৪ সালে আয়ারল্যান্ডের সুন্দরীদের প্রতিযোগিতায় তিনি মিজ আয়ারল্যান্ড খেতাব পান। এ ছাড়া গত বছর সারা বিশ্বের সুন্দরীদের নিয়ে মিজ আর্থ প্রতিযোগিতায় তিনি প্রথম রানারআপ হন।
মাকসুদা আকতার প্রিয়তি আয়ারল্যান্ডের দুটি ছবিতে অভিনয় করছেন।