শিশু বাকশিল্পীদের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাথার ওপর প্রখর রোদ। কিন্তু তাপের অত্যাচার হেরে গেল শিশুদের উৎসাহের কাছে। গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমীতে হাজির হয়েছিল তারা উৎসবে মিলতে।প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়াহিদুল হক স্মরণে জাতীয় শিশু আবৃত্তি উৎসবের আয়োজন করে আবৃত্তি সমন্বয় পরিষদ ও শিল্পকলা একাডেমী। দুই দিনব্যাপী এ উৎসবের স্লোগান ‘মোরা বন্ধনহীন জন্মস্বাধীন চিত্তমুক্ত শতদল’।জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আয়োজিত উৎসবের উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। পরিষদের সভাপতি আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে স্বাগত ভাষণ দেন সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। ছড়া পাঠ করেন ছড়াকার আখতার হুসেন, আলম তালুকদার প্রমুখ। এর আগে সকাল থেকেই খুদে বাকশিল্পীদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা প্রাঙ্গণ। শিশুদের হাতে হাতে ছিল বাঘ, পেঁচা, ফড়িং, শাপলার ছবির ফেস্টুন। উদ্বোধনের পর তারা অংশ নেয় এক আনন্দ শোভাযাত্রায়। শোভাযাত্রাটি শিল্পকলা একাডেমীর চারপাশের রাস্তা ঘুরে আবার একাডেমী প্রাঙ্গণে ফিরে এসে শেষ হয়। বিকেলে চলে বিরামহীন আবৃত্তি। কবিতার খই ফুটছিল যেন শিশু আবৃত্তিকারদের মুখে মুখে। রাত নয়টা পর্যন্ত চলে এ আসর।