শিশু শিক্ষার্থীদের মাঝে 'ছোটকাকু' সিরিজের বই বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু শিক্ষার্থীদের মাঝে ‘ছোটকাকু’ সিরিজের বই বিতরণ করলেন ফরিদুর রেজা সাগর ও আফজাল হোসেন
শিশু শিক্ষার্থীদের মাঝে ‘ছোটকাকু’ সিরিজের বই বিতরণ করলেন ফরিদুর রেজা সাগর ও আফজাল হোসেন

শিশুসাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের কিশোর গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’র দ্বিতীয় গল্প ‘রাজশাহীর রসগোল্লা’ অবলম্বনে নাটক নির্মাণ ও চ্যানেল আইতে প্রচার উপলক্ষে শিশু শিক্ষার্থীদের মাঝে ‘ছোটকাকু’ সিরিজের বই বিতরণ করলেন এর রচয়িতা ফরিদুর রেজা সাগর ও ‘রাজশাহীর রসগোল্লা’ নাটকের নির্মাতা আফজাল হোসেন।
এ উপলক্ষে সম্প্রতি চ্যানেল আই ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ক্ষুদে গানরাজ-১৩ মালিহা ও রাতুল ‘আহা কি আনন্দ আকাশে বাতাসে’ এবং ‘সঙ্গে আছে ছোটকাকু’ গান দুটি ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্রের তালে তালে পরিবেশন করে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফারজানা ব্রাউনিয়া ও কোনাল।
চ্যানেল আই সূত্রে জানা গেছে, ‘ছোটকাকু’ সিরিজের দ্বিতীয় গল্প ‘রাজশাহীর রসগোল্লা’ অবলম্বনে নির্মিত একই শিরোনামে ধারাবাহিকটির প্রচার শুরু হয়েছে ঈদের আগের দিন (১৫ অক্টোবর)। ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬.১০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে আট পর্বের এই নাটক। রাজশাহীর ১০টি জায়গায় ‘রাজশাহীর রসগোল্লা’ নাটকের শুটিং হয়েছে। নাটকটিতে অভিনয় করেছেন ১০০ জন শিল্পী। এবারের গল্প গড়ে উঠেছে মুক্তিযুদ্ধভিত্তিক কাহিনি নিয়ে। নাটকটির নাম ভূমিকায় অভিনয়ের পাশাপাশি এটি পরিচালনা করেছেন আফজাল হোসেন। এ ছাড়া বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

‘ছোটকাকু’ সিরিজের প্রথম গল্প ‘কক্সবাজারে কাকাতুয়া’ অবলম্বনে নির্মিত একই শিরোনামের ধারাবাহিক নাটক গেল ঈদুল ফিতরে চ্যানেল আইতে প্রচারের পর বিভিন্ন মহলের প্রশংসা কুড়িয়েছে।