শিশুখাদ্যে ভেজালের বিপক্ষে জেসিকা
শিশুদের নিরাপদ জীবনের পক্ষে সক্রিয় ভূমিকায় নেমেছেন হলিউড অভিনেত্রী জেসিকা আলবা। বর্তমানে শিশুখাদ্যে যে ধরনের ভেজালের আধিক্য মিলছে, তাতে বেশ উদ্বিগ্ন এই হলিউড অভিনেত্রী। তাই দ্বিতীয় সন্তান জন্মের আগেই এর প্রতিকারের জন্য মাঠে নামছেন তিনি। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে, সম্প্রতি সেইফার কেমিক্যালস, হেলদি ফ্যামিলিস (নিরাপদ রাসায়নিকদ্রব্য, সুখী পরিবার) নামে একটি সংগঠনের সঙ্গে জেসিকা নিজেকে যুক্ত করেছেন। শিশুখাদ্যে ভেজাল রাসায়নিকদ্রব্য মিশ্রণের বিরুদ্ধে খুব শিগগিরই তিনি সব ধরনের সাংগঠনিক কাজে অংশ নেবেন। শুধু সাংগঠনিক কাজে অংশ নেওয়া নয়, ওয়াশিংটনের আইনপ্রণেতাদেরকে শিশুখাদ্যে ভেজাল রাসায়নিক পদার্থ মিশ্রণকারীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা প্রদানের জন্য জোর দেবেন বলে জানা গেছে।জেসিকা আরও বলেন, ‘আমার প্রথম সন্তান জন্মের আগে বিভিন্ন শিশুখাদ্য নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছিলাম। তখন বেশির ভাগ খাদ্যে উচ্চমাত্রার বিষজাতীয় পদার্থ থাকার প্রমাণ পাওয়া যায়। যা সত্যিকার অর্থে শিশুদের জন্য মারাত্মক হুমকি।’ শিশুদের সব ধরনের খাদ্য বিষমুক্ত না হওয়া পর্যন্ত তাঁর আন্দোলন চলবে বলেও জানা গেছে। জানা গেছে, হলিউডের এই অভিনেত্রী এখন দ্বিতীয় সন্তান আসার প্রত্যাশায়। তাঁর প্রথম সন্তানের জন্ম হয় ২০০৮ সালে।