শিশুতোষ চলচ্চিত্র, শিশুসুলভ নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমরা করব জয় ছবির দৃশ্য
আমরা করব জয় ছবির দৃশ্য

আমরা করব জয় দেখব বলে যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে গেছি। হলে ঢুকেই একটা কৌতুক মনে পড়ে গেল। একবার এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, ‘আর বলিস না, সে দিন দোকান থেকে ১০ টাকা দিয়ে একটা বাতাসভর্তি প্যাকেট কিনেছি। খুলে দেখি, ভেতরে কয়েকটা চিপসও আছে!’ হলেরও মনে হলো সেই দশা—ঢুকেছি একটা ফাঁকা হলে, ভেতরে দেখি কয়েকজন দর্শকও আছে! শিশুদের চলচ্চিত্র, শিশু-দর্শক চোখে পড়ল একজনই। সেসহ দর্শকসংখ্যা সব মিলিয়ে ২০ জন। ছবিটি শিশুতোষ বলেই খুব আগ্রহ নিয়ে দেখতে গেছি। একদল বাচ্চাকাচ্চার সঙ্গে হইহুল্লোড় করে ছবি দেখার মজাটাই অন্য রকম। কিন্তু শুরুতেই দর্শকসংখ্যাটা মন খারাপ করে দিল। তখনো জানতাম না, মন খারাপের সবেমাত্র শুরু।
সিনেমার গল্পটা চট করে বলে নিই। একদল বন্ধু; ঘটনাক্রমে তারা একটা ভুতুড়ে বাড়ির রহস্য উদ্ঘাটনের অভিযানে নামে। তাদের সঙ্গে যোগ হয় স্কুলের একজন শিক্ষক, আর একজন বিজ্ঞানী। গ্রামের চেয়ারম্যানের কাছ থেকে তারা সেই ভুতুড়ে-নিষিদ্ধ বাড়িতে এক রাত থাকার অনুমতি নেয়। রাত তখন ১২টা। ঘটতে থাকে অদ্ভূত সব ঘটনা। কার যেন কান্না, ধুপধাপ শব্দ, দোতলার তালাবদ্ধ ঘর, রহস্যময় আয়না...ভূতের গল্পের যা কিছু ‘কমন’ উপাদান, তার সবই এই ছবিতে পাবেন। বড়রা তো বটেই, ছোটরাও বোধহয় ছবির অর্ধেক না পেরোতেই বাকি ঘটনা বুঝে ফেলবে। শেষ অবধি কোনো চমক দেখার আশায় যদি বসেও থাকেন, সম্ভবত নিরাশ হবেন।
অভিনয় দুর্বল, পরিচালনা ততধিক দুর্বল। তবে দুর্বলের প্রতিযোগিতায় সবচেয়ে এগিয়ে থাকবে সংলাপ। দু-একটা উদাহরণ দিই।
‘আমার জানা অজানা কথা আমার ওইভাবে জানা নেই...’ (?!)
‘সেখানে উপস্থিত হয়ে তারা জানতে পারল যে বাড়িটি নিষিদ্ধ।’
‘চলো, তাহলে ভেতরে পদার্পণ করি।’
যে কিশোরের দল ফেসবুক, স্কাইপ ব্যবহারে দক্ষ; তারা কি এই ভাষায় কথা বলে? ছবির শিল্পীদের মধ্যে সবাই নতুন মুখ। অভিনয়ের ক্ষেত্রে তাই বোধহয় পরিচালক কিছুটা ছাড় দিয়েছেন। তাই বলে গানের দৃশ্যে একটা সময় যে ক্যামেরায় ক্রেনের ছায়া স্পষ্ট দেখা গেল, এ ব্যাপারটাও ছাড় দেওয়া কি ঠিক হলো?
মজার ব্যাপার হলো, পেছনে বসা একমাত্র খুদে দর্শকটি কেন যেন পুরো ছবিটাই বেশ উপভোগ করল। যেখানে হাসার দরকার, সে হাসল। যেখানে ভয় পাওয়া দরকার, সে ভয় পেল। এই একমাত্র দর্শকটির চোখে দেখলে ছবিটাকে না হোক, অন্তত নির্মাতাদের চেষ্টাকে সফল বলতে হবে। এ দেশে ছোটদের চলচ্চিত্র খুব কমই তৈরি হয়। নির্মাতাদের সদিচ্ছার প্রতি শ্রদ্ধা রেখে তাই পুরো ছবিটিই দেখতে হলো। না হলে এতক্ষণ বসে থাকা বোধহয় কঠিন হয়ে যেত।