
গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শওকত ওসমান স্মৃতি মিলনায়তন আঙিনা ছিল ছোট ছোট ছেলেমেয়ের কলকাকলিতে মুখর। কেউ এসেছে নাচের পোশাক পরে, কেউ মাথায় বেণি করে, কেউ স্কুল পোশাকে সোজা স্কুল থেকে। মিলনায়তনও পরিপূর্ণ ছোট্ট ছোট্ট সংস্কৃতিকর্মী দিয়ে। জাতীয় সংগীত বাজতেই দাঁড়িয়ে গাইতে শুরু করল সবাই।
বুলবুল একাডেমি অব ফাইন আর্টসের (বাফা) আয়োজনে বুলবুল চৌধুরীর ৯৮তম জন্মবার্ষিকী পালন ও প্রয়াত শিক্ষকদের নামে স্মৃতিপদক প্রদান অনুষ্ঠান হয়ে গেল সুফিয়া কামাল গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে। বাফার সভাপতি হাসানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মাসুদ আহমেদ বলেন, ‘বুলবুল চৌধুরীর নামে প্রতিষ্ঠিত এ সংস্থাটি এত বছর ধরে টিকে আছে এটাই একটি বড় বিষয়। শুধু তাই নয়, সারা বছর ছোট ছোট ছেলেমেয়েদের যে শিক্ষা দিচ্ছে এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিখ্যাত ব্যক্তিদের সৃষ্টি করেছে এটা একটি বড় কৃতিত্বের ব্যাপার।’
অনুষ্ঠানে বক্তব্য দেন বাফার সম্পাদক নূরুর রহমান, যুগ্ম সম্পাদক কবীর আহমেদ, কোষাধ্যক্ষ ফজলুর রহমান, সহসভাপতি ঢালী মো. দেলোয়ার ও সহসভাপতি কামরুল হাসান খন্দকার। পরে অতিথিদের হাত থেকে প্রয়াত শিক্ষকদের নামে পদক দেওয়া হয়। বিভিন্ন বিভাগে প্রথম স্থান অধিকারী ব্যক্তিদের পদক তুলে দেন বিশেষ অতিথি। এরপর সাংস্কৃতিক পর্বে বাফার শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল নাচ ও গান। পরে বাফার বিভিন্ন শাখার সংগীত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।