শিশুদের কাছ থেকে ভালোবাসার পরামর্শ

সামনেই ভালোবাসা দিবস। সবাই ভাবছেন সঙ্গীকে কতটা সুন্দর মুহূর্ত উপহার দেওয়া যায়। এদিকে ইদ্রিস এলবার মতো হলিউড তারকা ছোট ছোট শিশুদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন, কীভাবে প্রেমিকার সঙ্গে খোশগল্প এগিয়ে নিতে পারবেন! যেখানে ইদ্রিসের কাছে ভক্তরা চাইতে পারেন পরামর্শ সেই তিনি করছেন উল্টো কাজ। তাও আবার শিশুদের কাছ থেকে...
অবশ্য এমন একটা ভিডিও দেখতে তো মজাই লাগে। ‘লুথার’ তারকা ইদ্রিসকে ঘিরে আছে কয়েকজন শিশু। মিষ্টি ভাষায় তাঁকে শিখিয়ে পড়িয়ে দিচ্ছে কেমন হতে হবে প্রেমিকার সঙ্গে ভালোবাসা দিবসের সাক্ষাৎ। ভিডিওটি ইদ্রিস তৈরি করেছেন দাতব্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট ‘ওমেজ’ এর জন্য। সচেতনতামূলক ভিডিওটি অর্থভান্ডার তৈরি করতে সাহায্য করবে। উপার্জিত অর্থ দান করা হবে ডব্লিউ.ই. ক্যান লিড নামের প্রতিষ্ঠানের জন্য। তারা এই অর্থ ব্যয় করবে সিয়েরা লিওনের শিক্ষিত নারীদের সাহায্য করতে।
মজার ব্যাপার হলো, এই প্রচারণার জন্য যে নারী যত বেশি দান করবেন আসছে ভালোবাসা দিবসে ইদ্রিস এলবার সঙ্গে তাঁর তত বেশি সময় কাটানোর সম্ভাবনা বাড়বে। আর সেটার জন্যই ইদ্রিস পরামর্শ নিচ্ছেন ছোট ছোট ভালোবাসা ‘বিশেষজ্ঞদের’ কাছ থেকে।
ইয়াহু সেলিব্রিটি