শিশুদের জন্য, শিশুদের নিয়ে উৎসব
‘আমরা চাই উৎসবে সব সময়ই তারুণ্য লেগে থাকুক। এতে অংশ নিয়ে শিশুরা অনুপ্রাণিত হোক। তাই তো উৎসবের দায়িত্ব আমরা তরুণদের ওপরই সঁপে দিয়েছি।’ এভাবেই শুরু করলেন চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ। এরপর মাইক্রোফোনটি তিনি এগিয়ে দেন নবম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশের উৎসব পরিচালক রায়ীদ মোরশেদের দিকে। উৎসবের হাল ধরার মতোই সংবাদ সম্মেলনের হালও ধরলেন তিনি। পাশে ছিলেন উপ-উৎসব পরিচালক আবির ফেরদৌস। কাল শনিবার শুরু হতে যাওয়া শিশুদের জন্য, শিশুদের নিয়ে আয়োজিত চলচ্চিত্র উৎসবের আগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের প্রথম পর্বের দৃশ্য ছিল এমন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে জানানো হয়, বিশ্বের ৩০টি দেশের দেড় শতাধিক শিশুতোষ ছবি নিয়ে ২৩ জানুয়ারি শুরু হচ্ছে নবম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। আগামীকাল রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে হবে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। এরপর এই উৎসব হবে ঢাকা, রাজশাহী ও সিলেটের ১৫টি স্থানে। চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি উৎসবে থাকবে সেমিনার, চলচ্চিত্রবিষয়ক কর্মশালা ও গুণী ব্যক্তিদের সঙ্গে সরাসরি কথোপকথনের সুযোগ। যেকোনো শিশু তাদের অভিভাবকসহ এই উৎসবে অংশ নিতে পারবে। সংবাদ সম্মেলনে এসব তথ্যই দেন আয়োজকেরা।
সরকারি অনুদানের পাশাপাশি এবার উৎসবের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছে প্রাণ আরএফএল গ্রুপ। উৎসব আয়োজনে আরও সহযোগিতা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও মানুষের জন্য ফাউন্ডেশন। ভেন্যু পার্টনার হিসেবে আছে আলিয়ঁস ফ্রঁসেজ ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ, উৎসব পরিচালক রায়ীদ মোরশেদ, উপ-উৎসব পরিচালক আবির ফেরদৌস, প্রাণ আরএফএল গ্রুপের বিপণন ও বিক্রয় (কনফেকশনারি) বিভাগের প্রধান এ কে এম মঈনুল ইসলাম এবং ব্র্যান্ড ব্যবস্থাপক সাখাওয়াত আহমেদ।