শিশুদের জন্য সালমান
বলিউডের অভিনেতা সালমান খানের বিয়িং হিউম্যান প্রোডাকশনসের ব্যানারে ২০১১ সালে মুক্তি পেয়েছিল শিশুতোষ চলচ্চিত্র ‘চিলার পার্টি’। নিতেশ তিওয়ারি ও বিকাশ বেহেল পরিচালিত ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিল। বিয়িং হিউম্যানের ব্যানারে আর কোনো ছবি নির্মিত না হলেও শিশুতোষ একাধিক ছবি তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে বলে সম্প্রতি নিশ্চিত করেছেন সালমান।এ প্রসঙ্গে সালমানের উদ্ধৃতি দিয়ে ‘হিন্দুস্তান টাইমস’ জানিয়েছে, এ মুহূর্তে দু-তিনটি ছবির চিত্রনাট্য নিয়ে তাঁরা কাজ করছেন। ‘চিলার পার্টি’র ধাঁচেই বিয়িং হিউম্যান প্রোডাকশনসের পরবর্তী সব ছবি নির্মিত হবে। হাস্যরসাত্মকনির্ভর সেই সব ছবিতে শিশুসহ সবার জন্য থাকবে গুরুত্বপূর্ণ বার্তা।‘দাবাং’, ‘রেডি’, ‘বডিগার্ড’ কিংবা ‘এক থা টাইগার’-এর মতো বিশাল বাজেটের ছবিতে অভিনয় করলেও বিয়িং হিউম্যানের ব্যানার থেকে কম বাজেটের ছবি বানানোর সিদ্ধান্ত নিয়েছেন সালমান। এর পেছনের কারণ সম্পর্কে তিনি জানিয়েছেন, এসব ছবি তৈরিতে বিয়িং হিউম্যান ফাউন্ডেশনের অর্থ ব্যবহূত হবে না। নিজেদের পকেট থেকেই তা দিতে হবে। কম বাজেটে ভালো ছবি তৈরির মাধ্যমে যে লাভ হবে তার পুরোটাই বিয়িং হিউম্যান ফাউন্ডেশনের উন্নয়নে ব্যয় করা হবে।সালমান আরও জানিয়েছেন, শিশুদের জন্য ছবি তৈরিই হবে বিয়িং হিউম্যানের মূল লক্ষ্য। তিনি মনে করছেন, দিনকে দিন শিশুতোষ চলচ্চিত্রের বাজার চাহিদা বেড়ে চলেছে। ‘চিলার পার্টি’র সিক্যুয়েল তৈরি করা হবে কি না—এমন প্রশ্ন শুনে নেতিবাচক জবাবই দিয়েছেন সালমান।