
সারা বছরের মৃতপ্রায় চারুকলা-প্লাজা চঞ্চলা হয়ে উঠেছে। বছরের এই সময়টাতে এমনই হয়। শিশুরা আসে, হাসে, খেলে, নাচে। সঙ্গে আসেন শিশুদের মা-বাবা, আত্মীয়স্বজন ও নাচের শিক্ষকেরা। এ মাসের ২৯ তারিখে যে নৃত্যদিবস, পুতুলের মতো ছোট্ট নাচিয়েরা সহজে ভোলে না। দিবসটি উপলক্ষে গত রোববার শিল্পকলা একাডেমির এ জায়গাটিতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী নাচের উৎসব।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চারুকলা-প্লাজার মঞ্চে ‘লাল টুকটুকে বউ’ গানটির সঙ্গে নাচ করছিল কলাকেন্দ্রের শিশুরা। একই সময়ে মঞ্চে ওঠার অপেক্ষায় ছিল বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টসের শিশুরা। শিশুদের ১৪টি দল এ সন্ধ্যায় নাচ করে, বড়দের মাত্র চারটি। সামনে দর্শক কম নয়, খাবারের স্টলের সামনে সন্ধ্যার নাশতাসন্ধানীরা। আছে আরও বেশ কিছু নারীদের পোশাকের স্টল। শুধুই নাচের শিল্পী-কুশীলবদের ছবি দিয়ে সাজানো স্টলটিও দেখছিলেন দর্শকেরা।
একতারা হাতে সাজঘরে বসে থাকতে দেখা গেল গেরুয়া পোশাকের পাঁচ কিশোরী তানহা, মার্জিয়া, রাফা, স্মৃতি ও মেধাকে। চেয়ারে বসে দুলে দুলে কোনো একটি গান গাইছিল গুনগুন করে। প্রচণ্ড শব্দের ভেতর তার কানের কাছে মুখ রেখে জানতে চাইলে বলে, ‘মিলন হবে কত দিনে গানটির সঙ্গে নাচ আমাদের।’ তাদের শিক্ষক স্মৃতি হক জানালেন, তাঁর দল অঙ্কুর গত দিনও নাচ করেছে।
আগামী শনিবার পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় সেখানে শিশুদের নাচ দেখা যাবে। বিকেল থেকেই মেলার স্টলগুলো খুলে যায়।