
বাংলাদেশের গান আন্তর্জাতিক পর্যায়ে দেখার স্বপ্ন দীর্ঘদিনের। আমার আরেকটা বুনো স্বপ্ন আছে। বেশ কিছুদিন ধরেই ভাবছি, ঢাকার বাইরে বাচ্চাদের জন্য একটা পারফর্মিং আর্টের স্কুল করব। যেখানে বাচ্চারা থাকবে, খাবে, খেলাধুলা করবে আর নিজেদের খেয়ালখুশিমতো গান গাইবে, ছবি আঁকা শিখবে, নাচ শিখবে ও অভিনয় করবে।
আমাদের বেশির ভাগ অভিভাবক তাঁদের সন্তানদের শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাতে চান। কিন্তু এর বাইরেও যে একটা জগৎ আছে ও সেই জগতে বাচ্চারা নিজেদের দারুণভাবে মেলে ধরতে পারে—কোনো অভিভাবকই তা বুঝতে চান না। আমার মনে হয়, ঢাকা শহরের বাচ্চারা একটা খুপরির মধ্যে বেড়ে উঠছে। তারা প্রকৃতির কাছাকাছি থাকার কোনো সুযোগই পায় না। আমি একসঙ্গে অনেকগুলো শিশুকে নিয়ে কয়েক মাসের জন্য ঢাকার বাইরে প্রকৃতির কাছে যেতে চাই।
আমি বান্দরবানে কিছুদিন বেশ কয়েকটি বাচ্চার সঙ্গে কাজ করেছি। তাদের সঙ্গে গিয়ে এ বিষয়টা উপলব্ধি করেছি। এটাই আমার স্বপ্ন।