শিশুদের প্রতিভায় মুগ্ধ অনন্ত

সম্প্রতি এক অনুষ্ঠানে শিশু প্রতিযোগীদের প্রতিভায় মুগ্ধ অনন্ত জলিল প্রতিযোগী দুই শিশুকে তাঁর ছবিতে নেবেন বলেই ঘোষণা দিয়েছেন। ১৯ অক্টোবর এনটিভির রিয়ালিটি শো মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতার একটি পর্বে অতিথি বিচারক হিসেবে হাজির হয়েছিলেন অনন্ত। সেখানেই সেরা পাঁচ প্রতিযোগীর পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়ে যান তিনি। এদের মধ্যে দুজন প্রতিযোগী তাঁর পরবর্তী ছবি দ্য স্পাই-অগ্রযাত্রার মহানায়ক-এ অভিনয়ের সুযোগ পাচ্ছে। ছবিতে তারা অনন্ত ও বর্ষার ছোটবেলার চরিত্রে অভিনয় করবে।
এ প্রসঙ্গে অনন্ত বলেন, ‘আমি কয়েকটি রিয়ালিটি শোতে অতিথি বিচারক হয়েছি। কিন্তু মার্কস অলরাউন্ডার পুরোপুরি ব্যতিক্রম লেগেছে। আমাদের দেশে যে এত প্রতিভাবান বাচ্চা রয়েছে তা আমি নতুনভাবে উপলব্ধি করলাম। এ ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করায় সংশ্লিষ্ট সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন।’
অনন্ত এ-ও বলেন, ‘আমি অনুষ্ঠানটির সেরা পাঁচ প্রতিযোগী নিয়ে নির্মিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছি। শুনেছি সারা দেশ থেকে অসংখ্য প্রতিযোগীর মধ্য থেকে নানা ধাপ পেরোনোর পর এদের বাছাই করা হয়েছে। এখানকার বাচ্চাগুলো আবৃত্তি, গান এবং অভিনয়—সব ক্ষেত্রেই সমানভাবে সেরা। তাদের অভিনয়গুণ আমাকে অভিভূত করেছে। মার্কস অলরাউন্ডার নামের সার্থকতা প্রতিযোগীদের দেখেই বুঝা যাচ্ছে।’
অনন্ত জলিল এখন তাঁর পরবর্তী ছবি দ্য স্পাই-অগ্রযাত্রার মহানায়ক-এর পরিকল্পনা নিয়ে ব্যস্ত। নভেম্বরে ছবিটির শুটিং শুরুর কথা থাকলেও আপাতত তা করতে পারবেন না বলে জানান। বললেন, ‘চিকিৎসক জানিয়েছেন, ডিসেম্বরের শুরু অথবা মাঝামাঝিতে বর্ষা মা হবেন। এই সময়টাতে তাঁর কাছাকাছি বেশি থাকার চেষ্টা করছি। ব্যবসায়িক ব্যস্ততার পরই তাঁকে সময় দিচ্ছি। তাই বর্ষার মা হওয়ার পরই ছবিটির কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।’