শিশুদের মৌসুমি প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুদের পদচারণে মুখরিত শিশু একাডেমী মিলনায়তন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা এসব শিশু আনন্দে মেতে আছে। এ আনন্দ পুরস্কার প্রাপ্তির। গত মার্চে বাংলাদেশ শিশু একাডেমী যে মৌসুমি দলীয় প্রতিযোগিতার আয়োজন করেছিল গতকাল শনিবার ছিল তার পুরস্কার বিতরণী। এতে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি ভারপ্রাপ্ত সচিব তারিক-উল-ইসলাম। সভাপতিত্ব করেন শিল্পী মুস্তাফা মনোয়ার। স্বাগত বক্তব্য দেন একাডেমীর পরিচালক ফালগুনী হামিদ। জ্ঞানজিজ্ঞাসা, উপস্থিত বিতর্ক, দেশাত্মবোধক জারিগান ও নৃত্য—এ চারটি বিভাগে সারা দেশ থেকে প্রায় অর্ধ লক্ষ শিশু প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। দেশাত্মবোধক জারিগানে প্রথম পুরস্কার রংপুর, দ্বিতীয় পুরস্কার মৌলভীবাজার এবং তৃতীয় পুরস্কার লাভ করে কিশোরগঞ্জের দল। নৃত্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার লাভ করে যথাক্রমে রংপুর, নওগাঁ ও মৌলভীবাজারের দল।জ্ঞানজিজ্ঞাসায় প্রথম সুনামগঞ্জ, দ্বিতীয় মাগুড়া এবং তৃতীয় পুরস্কার পায় বরিশালের দল। উপস্থিত বক্তৃতায় প্রথম বরিশাল, দ্বিতীয় চট্টগ্রাম এবং তৃতীয় পুরস্কার পায় নারায়ণগঞ্জের দল। পুরস্কার হিসেবে দেওয়া হয় পদক, ক্রেস্ট ও সনদ।