শিশুরাই সুন্দর
গতকাল শুক্রবার শিশুদের কলকাকলিতে মুখর হয়েছিল ধানমন্ডির দৃক গ্যালারি। দেয়ালে ঝুলছে ফ্রেমে বাঁধাই করা তাদের আঁকা ছবি। সেই ছবিতে আছে তাদের স্বপ্ন, দেশের প্রকৃতি ও যে পরিবেশে তারা থাকে সেই দৃশ্যমালা। ‘শিশুরাই সুন্দর’ নামের পাঁচ দিনের এ প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক এম আর খান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক আনিসুল হক ও আলিয়ঁস ফ্রঁসেজের উপপরিচালক জ্যরম শাঁক বুন্যে। আরও বক্তব্য দেন প্রদর্শনীর আয়োজক শিল্পী আবু সেলিম।‘আঁকিবুঁকির মাধ্যমে সৃষ্টির আনন্দে ভরে ওঠে শিশুদের মন। শিশুরা রং-তুলি নিয়ে একাগ্র মনে ছবি আঁকে, তা দেখে খুব আনন্দ বোধ করি। আঁকার মধ্য দিয়ে তাদের স্বাভাবিক অঙ্কন-প্রতিভা বিকশিত হয়। সৃজনকল্পনা বৃদ্ধি পায়।’ ছয় থেকে ১৪ বছরের শিশু-কিশোরদের চিত্র প্রদর্শনীর উদ্বোধন করে এমন মন্তব্য করেন অতিথিরা।৩৯টি শিশুর আঁকা ৮০টি ছবি নিয়ে ‘শিশুরাই সুন্দর’ শীর্ষক এ চিত্র প্রদর্শনী। আবু সেলিম এ ধরনের প্রদর্শনীর আয়োজন করেন ১৯৯৯ সাল থেকে। শিশু-কিশোরদের আঁকা ছবি নিয়ে একই শিরোনামে এটি নবম প্রদর্শনী। গ্রাম, নদী, পাখি, জাতীয় পতাকা, ঘরবাড়ি, মানুষ ইত্যাদি নানা বিষয়ে ছবি এঁকেছে খুদে শিল্পীরা। ৫ এপ্রিল পর্যন্ত প্রতিদিন তিনটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী চলবে।