
শীতের কুয়াশাচ্ছন্ন সকাল। ঘন কুয়াশা ভেদ করে সূর্য কেবল পূর্ব দিগন্তে উঁকি মেরেছে। লাঙল-জোয়াল কাঁধে মাঠে চলেছেন কৃষাণেরা। গরম চায়ের কেটলি থেকে ধোঁয়া উড়ছে ঝুপড়ি আকারের চায়ের দোকানগুলোতে। শিশুরা স্কুলের শিশিরভেজা পথে। ঢাকা থেকে খুব কাছে, গাজীপুরের পুবাইলে গেলেই দেখা মিলবে গ্রামটির। গ্রামের নাম সোড়ল। টঙ্গী পেরিয়ে পাঁচ-ছয় মাইল পরই গ্রামটি। গ্রামজুড়ে বিভিন্ন জায়গায় প্রতিদিন চলে অসংখ্য নাটক-সিনেমার শুটিং। ‘কাট-অ্যাকশন-কাট’ শব্দেই যেন গ্রামবাসীর রোজ ঘুম ভাঙে প্রতিদিন। গ্রামের শিশু-কিশোরদের কাছেও শব্দগুলো পরিচিত।
যে শুটিং বাড়ি থেকে দৃশ্যগুলো দেখছিলাম তাঁর নাম বিল বেলায়। খুব চমৎকার একটি জায়গা। বাগানজুড়ে হরেক রকম ফল ও ফুলের গাছ। পুকুর ভরা মাছ।

শুধু একটি কিংবা দুটি নয়। এই রকম অসংখ্য বাড়ি রয়েছে পুবাইলে। এগুলোর মধ্যে শাহীনের বাড়ি, হারুনের বাড়ি, ডাক্তার বাড়ি, বাঁধন ও হাসনা হেনা বাড়িগুলো বেশ পরিচিত।
শুটিংয়ের কথা বলি এবার। সেদিন বাড়িটিতে চলছিল শামীম জামানের পরিচালনায় একটি টেলিফিল্মের শুটিং। তালাপড়া নামের এই টেলিফিল্ম লিখেছেন জাকির হোসেন উজ্জ্বল।
শুটিং থেকে বাদ পড়ে না গ্রামের রাস্তাঘাট, পুকুরপাড় এমনকি বন-বাদাড়। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? গ্রামের হাঁস-মুরগি বা গরু-ছাগলের শট নিতে হলে মালিককে সম্মানী দিতে হয়। হয়তো সে কারণেই গ্রামের মানুষ এখন আর্থিকভাবে কিছুটা সচ্ছল।
বেলা বাড়ে। ঘুরতে থাকি গ্রামটির বিভিন্ন পথ ও অলিগলি। খুঁজতে থাকি আজ আর কোথায় কোথায় শুটিং হচ্ছে। হঠাৎ চোখে পড়ল পাগল বেশের একটি লোক। কী যেন খুঁজছে লোকটি। হাতে লাঠি। পরনে ছালার বস্তা। হঠাৎ আমার নাম ধরে ডাক দিলেন তিনি। অবাক হলাম খানিকটা। লোকটি আমার নাম জানলেন কী করে! ভয়ে ভয়ে কাছে গেলাম। আরে! এ তো আমাদের মহসীন ভাই! প্রবীণ অভিনেতা এস এম মহসীন। এমনই সাজ নিয়েছেন যে দূর থেকে তাঁকে চেনার কোনো জো নেই।
‘মহসীন ভাই! আপনার এই অবস্থা কেন?’
‘একটি ধারাবাহিকে কাজ করছি। পাগলের চরিত্রে আমার অভিনয়। এখানেই শুটিং হবে। তাই আমি একটু সবার আগেই চলে এসেছি। আর ইউনিট পেছনেই আসছে’—বললেন এস এম মহসীন।
এই ইউনিটে ঘাসফুল নাটকের শুটিং চলছে। পরিচালক অঞ্জন আইচ।
এবার ঘুরতে ঘুরতে চলে এলাম অন্য এক এলাকায়। ওরে বাবা! আরেক মনোমুগ্ধকর জায়গা। মাইলের পর মাইল ফসলের খেত। দেখেই যেন চোখ জুড়িয়ে যায়। কেউ কেউ খেতে পানি সেচ দিচ্ছে। আবার কেউবা ধান বুনছে।
এমনি একটি মুহূর্তে দেখা গেল কারা যেন খেতের আল ধরে হেঁটে আসছেন। দুজন লোক। পরনে ট্রাউজার। গায়ে জ্যাকেট আর পায়ে কেডস। একজনের মাথায় আবার ইংলিশ টুপি। কারা এঁরা? কাছে আসতেই চিনতে আর বাকি রইল না। ইংলিশ হ্যাট পরা মানুষটি রঙের মানুষ নাটকের গুণী পরিচালক সালাহউদ্দিন লাভলু। সঙ্গের লোকটি নাট্যকার কাজী শাহেদ।
জানা গেল, সপ্তাহ ধরে তাঁরা এই গ্রামেই বসবাস করছেন। হঠাৎ শহর ছেড়ে গ্রামে কেন? ‘গ্রামের পটভূমিতে দর্শকদের জন্য ভালো একটি সিরিয়াল বানাতে চাই। তাই নাট্যকারকে সঙ্গে নিয়ে এই গ্রামে থাকা। দিনের বেলায় চলে শুটিং লোকেশন খোঁজা। আর রাতের বেলায় চলে পাণ্ডুলিপি তৈরির কাজ,’ বললেন সালাহউদ্দিন লাভলু।