শীত জেঁকে বসেছে রাজধানীতে। ঘন কুয়াশা, কনকনে শীত। নিতান্ত জরুরি কোনো কাজ না থাকলে লোকজন ঘর থেকে বের হচ্ছে না। তবুও বৈরী শীতকে পাশ কাটিয়ে এগিয়ে চলছে একাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব। আগামীকাল পর্দা নামবে এই উত্সবের। প্রতি দুই বছরে একবার করে আয়োজিত হয় রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব। পরপর ১০টি আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব করার অভিজ্ঞতাপ্রসূত এ উত্সবটির চেহারা নগরবাসী অনেক দিন ধরেই দেখে আসছে। এদের খ্যাতি আছে ভালো ছবি দেখানোর। যাঁরা ভালো ছবি দেখতে চান—এমন দর্শকদের মধ্যে উত্সবটি প্রতিবারই বেশ সাড়া ফেলে। তবে এবার কিছুটা ব্যতিক্রম দেখা গেছে চলতি সপ্তাহে দর্শকের উপস্থিতি দেখে। কারণ হিসেবে শীতকে দায়ী করলেন উত্সবের পরিচালক আহমেদ মুজতাবা জামাল। সোমবার দুপুরে উত্সবস্থলে তাঁর সঙ্গে দেখা। অনেকটা হতাশার সঙ্গে কৌতুক বলে রসিকতা করে বললেন, শীতের কারণে দর্শক পাওয়া যাচ্ছে না। একটি গানের অনুষ্ঠানে মাত্র একজন দর্শক বসেছিলেন শেষ পর্যন্ত... সেই দর্শক শিল্পীকে বললেন, হয়তো আমি আয়োজক না হলে এতক্ষণ এখানে বসে থাকতাম না! তাহলে সফলতা কোথায়, প্রশ্ন করি। দৃঢ়তা নিয়ে তিনি বললেন, কিছু ভালো ছবি আনতে পেরেছি। অন্তত কিছু মানুষ তো দেখতে পেরেছে ছবিগুলো। হুম, এ কথা অনস্বীকার্য যে কিছু দর্শক নিয়মিত এসেছে ছবি দেখতে। এমনই একজন দর্শক ফকরুল ইসলাম। উত্সবে অন্তত আটটি ছবি দেখেছেন। তিনি বললেন, এবার ছবি দেখে তিনি বেশ তৃপ্ত। তিনি বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, ইরান, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার ছবি দেখেছেন। আর প্রশংসা করেছেন কোবরাস ডিসিশন ছবিটির।উত্সবের পরিচালক মুজতাবা জামাল জানালেন, এবারের উত্সব আয়োজনে সীমাবদ্ধতার কথা। দেশের সব মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানসহ অনেক বড় প্রতিষ্ঠানে গিয়েছিলেন পৃষ্ঠপোষকতার জন্য। কেউ রাজি হয়নি। শেষ পর্যন্ত ১৪ জানুয়ারি থেকে আয়োজন করা হয়েছে এ উত্সবের। শাহবাগের জাতীয় জাদুঘর ও কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তন বেশ সরব ছিল। এসব অঞ্চলে নিয়মিত এসেছেন দেশের চলচ্চিত্র সংসদের কর্মীরা। বিদেশি চলচ্চিত্রকারেরা নিয়মিতই বিভিন্ন মিলনায়তনে গিয়ে ছবি দেখেছেন। মিলিত হয়েছেন এ দেশের চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে। অস্ট্রেলিয়া, তুরস্ক, ইরান থেকে যেমন অতিথিরা এসেছিলেন, তেমনি ভারত থেকেও এসেছিলেন বেশ কয়েকজন। এর মধ্যে ছিলেন ভারতের নির্মাতা সৈয়দ আকতার মির্জা, আনোয়ার জামাল, রাজেশ রায়, জাপানের উজাকি কুনুরোরি, চীনের লিঙ্ক বিবো, যুক্তরাষ্ট্রের রবার্ট হারকিউসির প্রমুখ।চলচ্চিত্র উত্সব এখন আর শুধু ছবি দেখা নয়। এর সঙ্গে জড়িত হয় ছবির প্রতিযোগিতা, বুলেটিন প্রকাশ, আলোচনা অনুষ্ঠান ইত্যাদি। রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত ১১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবও পিছিয়ে নেই। প্রতিদিন একটি করে বুলেটিন প্রকাশ করেছেন আয়োজকেরা। উত্সব চলছে নানা ভাগে। উত্সবের বিভিন্ন বিভাগে মধ্যে রয়েছে প্রতিযোগিতা, রেট্রোস্পেক্টিভ, ট্রিবিউস, সিনেমা অব দি ওয়ার্ল্ড, চিলড্রেন্স ফিল্মস, কান্ট্রি ফোকাস, ফিল্মস ফ্রম আফ্রিকা, বাংলাদেশ প্যানারোমা, স্পিরিচুয়াল ফিল্মস, ইনডিপেন্ডেন্ট ফিল্মস ও উইমেন্স ফিল্ম মেকারস সেশন ইত্যাদি। রেট্রোস্পেক্টিভ বিভাগ সাজানো হয়েছে একজন এশীয় ও একজন ইউরোপীয় চলচ্চিত্রকারের ছবি দিয়ে। কাহিনিধর্মী ও প্রামাণ্যচিত্র মিলিয়ে ১০টি ছবি নিয়ে সাজানো হয়েছে ট্রিবিউস বিভাগ। দেশের সমকালীন সেরা চলচ্চিত্রগুলো প্রদর্শিত হচ্ছে সিনেমা অব দি ওয়ার্ল্ড বিভাগে। এ বিভাগের জন্য দর্শকজরিপে একটি শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হবে। চিলড্রেন বিভাগে গোটা দশেক শিশুতোষ চলচ্চিত্র দেখানো হচ্ছে। ১০ থেকে ১৫টি পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্রের একটি প্যাকেজ প্রদর্শিত হয়েছে কান্ট্রি ফোকাস বিভাগে। ১৯৭১ সাল থেকে ২০০৭ পর্যন্ত আফ্রিকান পরিচালকদের নির্মিত সেরা ১৪টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে ফিল্মস ফ্রম আফ্রিকা বিভাগে। বাংলাদেশ প্যানোরোমায় ছিল এ দেশের পাঁচ থেকে সাতটি চলচ্চিত্র। দেশি-বিদেশি ৩০টির অধিক পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র অন্তর্ভুক্ত ছিল উইমেন ফিল্মস মেকার সেশনে। এ বিভাগ থেকে একজন সেরা নারী চলচ্চিত্রকার নির্বাচন করা হবে। ইনডিপেন্ডেন্ট ফিল্মস বিভাগে ঠাঁই পেয়েছে তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্র। সেরা হিসেবে নির্বাচিত ছবিকে দেওয়া হবে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ। ১৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে জাতীয় জাদুঘর মিলনায়তনে হলো আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান। ‘ভালো ছবি, ভালো দর্শক, ভালো সমাজ’ স্লোগান নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্সবের উদ্বোধন করেন। সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, ভারতের চলচ্চিত্র পরিচালক সৈয়দ আকতার মির্জা, জিএমজি এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সাত্তার, চলচ্চিত্রকার বাদল রহমান এবং ঢাকায় নেদারল্যান্ড দূতাবাসের প্রথম সেক্রেটারি কিশোয়ার কামাল।