
শীতকাল। বাথরুমে ছোট্ট একটি ছেলে গোসল করছে। ঝরনার বরফশীতল পানি মাথার ওপর পড়তেই আত্মারাম খাঁচা ছাড়ার জোগাড়। পানি বন্ধ না করে উল্টো ছেলেটি চিৎকার করে গান গাইতে শুরু করে। ফকির আলমগীরের গান। আর ছেলেটি কে জানেন? এ সময়ের অন্যতম জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী হাবিব ওয়াহিদ। কৈশোর বয়সের এ ঘটনা সম্পর্কে সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে হাবিব বলেন, ‘কোন গান মনে নেই, তবে তা ফকির আলমগীরের একটি গণসংগীত ছিল। হয়তো শীতকে জয় করতেই উদ্দীপনামূলক গণসংগীত গেয়েছিলাম। আর তা শুনে বাবা (ফেরদৌস ওয়াহিদ) তো ভীষণ ভয় পেয়ে যান। তিনি জোরে জোরে দরজা ধাক্কা দিতে থাকেন।’
একসঙ্গে ১৫ দেশে চিরকুট
দেশের পাশাপাশি দেশের বাইরেও সমান জনপ্রিয় চিরকুট। ২০১৪ সালের ৫ ডিসেম্বর এই ব্যান্ডের তৈরি একটি গান একই দিনে ১৫টি দেশে বাজানো হয়। বাংলা ও ইংরেজি কথার মিশেলে তৈরি গানটির শিরোনাম ‘টেক কেয়ার’। ইংরেজি অংশের কথা লিখেছে জার্মানের একটা ব্যান্ড আর বাংলা অংশ চিরকুটের। সুর আর সংগীত করেছে চিরকুট। চিরকুটের সদস্য সুমি বলেন, ‘২০১৪ সালের আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে আমাদের একটি গান তৈরির দায়িত্ব দেওয়া হয়। ওই বছর ৫ ডিসেম্বর গানটি ১৫টি দেশে বাজানো হয়। এটি ছিল আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসের ওই বছরের থিম সংগীত।’