শীতার্ত, দুস্থ চলচ্চিত্রকর্মীদের পাশে অনন্ত
দুস্থ চলচ্চিত্রকর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন আলোচিত চিত্রনায়ক এম এ জলিল অনন্ত। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত এফডিসির ঝরনা স্পটে অনন্তের এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলেছে। চলচ্চিত্রকর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণের সময় অনন্তর পাশে আরও ছিলেন চিত্রনায়িকা বর্ষা ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ার।অনন্ত বলেন, ‘অন্যান্য বছরের তুলনায় এ বছর শীত একটু বেশিই পড়েছে। আমার কাছে মনে হয়, আমাদের সবারই যার যার অবস্থানে থেকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কিছু করা উচিত। সেই ভাবনা থেকেই শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া।’তিনি আরও বলেন, ‘চলচ্চিত্রে অভিনয় করে সারা দেশের অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। পেয়েছি চলচ্চিত্রকর্মীদের অনেক সহযোগিতা। আর এই ভালোবাসার দায়িত্ববোধ থেকেই নিজ উদ্যোগে কিছু সামাজিক কার্যক্রমে নিয়মিত অংশ নেওয়া।’এদিকে শীতবস্ত্র নিতে আসা ৫৫ বছর বয়সী চলচ্চিত্রকর্মী আনজু প্রথম আলো ডটকমকে বলেন, ‘৩৬ বছর ধরে চলচ্চিত্রে কাজ করছি। এভাবে কেউ আমাগো নিয়া ভাবে নাই। অনন্ত সাহেবের কাছ থেকে জামাকাপড়গুলা পাইয়া ভালোই হইছে। যেই শীত পড়তাছে, তাতে খুব কাজে দিবে এই গরম কাপড়গুলা।’সাহেব আলী নামের আরেক চলচ্চিত্রকর্মী বলেন, ‘১৫ বছর ধরে কাজ করছি। এর আগে আমাদের এ ধরনের সহযোগিতা করেছেন ডিপজল সাহেব। তিন বছর ধরে অনন্ত সাহেব করছেন। এ ধরনের সাহায্য-সহযোগিতা আমাদের মতো শিল্পীদের বেশ কাজে দেবে।’