কবি হাবিবুল্লাহ সিরাজী তখন মঞ্চে। পড়ছিলেন স্বরচিত কবিতা। অন্ধকার মিলনায়তন, মঞ্চে রঙিন আলো, মিঠে মিঠে ধোঁয়া। দুস্থ ও শীতার্তদের সহায়তার জন্য গতকাল সন্ধ্যায় নীলক্ষেতের পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির প্রীতিলতা ওয়াদ্দেদার মিলনায়তনে ছোটকাগজ লোক আয়োজন করে শীতের কবিতাসন্ধ্যা। এতে কবিতা পড়েন ১৬ জন কবি। দর্শনীর বিনিময়ে কবিতা শুনতে আসা দর্শকদের কেউ কেউ শীতার্তদের জন্য নিয়ে আসেন শীতবস্ত্র। তাঁরা সেগুলো তুলে দেন আসরের প্রধান কবি সৈয়দ শামসুল হকের হাতে। অতিথি হিসেবে আসরে উপস্থিত ছিলেন আনোয়ারা সৈয়দ হক ও কবি রফিক আজাদ। কবিতা পাঠের পর কবিদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় কয়েকজন পথশিশু। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন লোক সম্পাদক অনিকেত শামীম।
কবিতা পড়েন মুহম্মদ নূরুল হুদা, দিলারা হাফিজ, মুজিব মেহদী, আলফ্রেড খোকন, কামাল চৌধুরী, শামীম রেজা, সাকিরা পারভীন, মারুফ রায়হান, তুষার কবির, খালেদ হোসাইন, মামুন খান, জাহিদ সোহাগ, তিথি আফরোজ ও বিধান সাহা।