হেমন্তের নবীন শীতের ছোঁয়ায় উৎসবমুখর হয়ে উঠেছে রাজধানীর সাংস্কৃতিক অঙ্গন। নাট্যাভিনয় চলছে, আছে গানের আসর আর বিজয় উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ ও শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে চলছে নাট্য উৎসব। গতকাল রোববার পরীক্ষণ থিয়েটারে ছিল নাট্যকলা বিভাগের নাটক সিদ্ধান্ত।কয়েকজন বিপ্লবীর সংকটাপন্ন পরিণতি নিয়ে নাটকের কাহিনি। মূল রচনা বার্টল্ট ব্রেখ্ট। অনুবাদ করেছেন শাহমান মৈশান। নির্দেশনা ইসরাফিল শাহীন। অভিনয় করেছেন লাবনী আক্তার, নুসরাত শারমিন, সুশান্ত কুমার সরকার প্রমুখ।বিজয় উৎসব চলছেবিজয়ের স্মৃতি ও চেতনাকে বুকে নিয়েই শিল্পকলা একাডেমী প্রতিবছর আয়োজন করে বিজয়ের উৎসব। এর ধারাবাহিকতায় একাডেমীর খোলা চত্বরে উন্মুক্ত মঞ্চে চলছে পক্ষকালব্যাপী বিজয় উৎসব। গতকাল রোববার ছিল উৎসবের পঞ্চম দিন।উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক পর্বে নাচ, গান, আবৃত্তি ও যাত্রাপালা পরিবেশিত হয়। সূচনাতেই একাডেমীর শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন ‘জয় বাংলা বাংলার জয়...’ গানটি। এরপর গান করেন, রুবী আহমেদ, স্বপন দত্ত, সালমা চৌধুরী প্রমুখ। নৃত্য পরিবেশন করে নৃত্যভূমি ও মানিকগঞ্জের রথ শিল্পীগোষ্ঠী, দলীয় সংগীতে ছিল পদাতিক সংগীত সংসদ।ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে পোস্টার প্রদর্শনীইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ক্লাব আয়োজন করেছে পোস্টার প্রদর্শনী। বিষয় ‘পরিবেশদূষণ এবং এর প্রতিকারে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ভূমিকা’। গতকাল রোববার বিকেলে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী।এই উদ্যোগকে স্বাগত জানিয়ে রাশেদা কে চৌধুরী বলেন, পরিবেশ নিয়ে সচেতনতা তৈরি এখন খুব জরুরি হয়ে পড়েছে। যেসব জনগোষ্ঠী গ্রাম পর্যায়ে আছে, তাদের মধ্যে এই সচেনতা গড়ে তুলতে হবে। পরিবেশ রক্ষার ক্ষেত্রে নারীর সমান অংশগ্রহণের যথেষ্ট গুরুত্ব রয়েছে।অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ শরীফ, উপ-উপাচার্য মুনিরুদ্দিন আহমদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন চৌধুরী ফয়েজ হোসেন ও ফার্মেসি বিভাগের চেয়ারম্যান সুফিয়া ইসলাম। বক্তারা বলেন, ওষুধ তৈরি হয় জীবন রক্ষার জন্য। কিন্তু এর পার্শ্বপ্রতিক্রিয়ায় মানুষের মৃত্যু হয়। এ ছাড়া ফেলে দেওয়া ওষুধ পরিবেশ দূষণ করে। এসব ওষুধের ব্যবস্থাপনা কীভাবে হবে, তা নিয়ে সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই।বিজয় সরকার স্বর্ণপদক প্রদাননড়াইল প্রতিনিধি জানান, নড়াইল শিল্পকলা একাডেমীর খোলা চত্বরে গতকাল বিজয় সরকার মেলা শেষ হয়েছে।দীর্ঘদিন পর শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে দেখা গেল কবিগানের প্রতিযোগিতা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে মোট ১৮ জন কবিয়াল এ প্রতিযোগিতায় অংশ নেন। তাঁদের মধ্যে শ্রেষ্ঠ কবিয়াল হিসেবে প্রথমবারের মতো বিজয় সরকার স্বর্ণ পদক লাভ করেন খুলনা রামপালের মীরা রানী সরকার। মুহুর্মুহু করতালির মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা নর্দান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক আনোয়ারুল করিম মীরা রানী সরকারের হাতে ‘বিজয় সরকার স্বর্ণ পদক’ তুলে দেন।জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাবেক সাংসদ এস এম আবু সাঈদ, সাঈফ হাফিজুর রহমান ও আবদুল কাদের সিকদার, পুলিশ সুপার এস এম ফজলুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বিজয় সদনের সাধারণ সম্পাদক আকরাম শাহীদ।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একটি জাতি তার সংস্কৃতির ভেতর দিয়ে নিজেকে গড়ে তোলে। যুগে যুগে কিছু মানুষ নিজের জীবনকে উৎসর্গ করে সাজিয়ে তোলে তার সমাজ, জাতি এবং একটি বৈভবময় সমৃদ্ধ দেশ, যাদের নিয়ে আমাদের অহংকার, যাদের নিয়ে আমাদের বেঁচে থাকার প্রেরণা। কবিয়াল বিজয় সরকার তেমনই একজন্য ব্যক্তিত্ব।বগুড়া লালন একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকীনিজস্ব প্রতিবেদক বগুড়া জানান, লালন একাডেমির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানমালা। গতকাল রোববার সকালে সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।সকালে বগুড়া লালন একাডেমির শহরদিঘীর কার্যালয়ে পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি ইকবাল হোসেন। এরপর একাডেমির শিল্পীরা শোভাযাত্রা করে শহরের বিভিন্ন পথ পরিক্রম করেন। সংগঠনের সাধারণ সম্পাদক জানান, ৯ ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলবে।