
২০০৮ সালে বাওহাউস-এ যখন পড়তে গেলাম, কে যেন বলল, পার্ক বা বাগান ভালোবাসলে অবশ্যই ওয়ারলিটজ পার্কটা দেখে এস। সেবার গিয়েছিলাম ‘পোস্ট মর্ডান আর্বানিজম’ নিয়ে পড়তে। পার্ক দেখার আগ্রহ বা সময় কোনোটাই ছিল না। ২০১০-এর শেষের দিকে যখন আবার জার্মানি যাই, পড়ার বিষয়বস্তু তখন ‘ল্যান্ডস্কেপ আর্কিটেকচার’। নিজেই উদ্যোগ নিয়ে অধ্যাপককে রাজি করাই। কিন্তু বাদ সাধল ঠান্ডা। জানুয়ারির কনকনে শীতের মধ্যে আর যাই হোক বরফে ঢাকা পার্কে শিক্ষাসফরে যাওয়া যাবে না। বুদ্ধি ফাঁদলাম। বললাম, ওই সময় ল্যান্ডস্কেপের নিশ্চয়ই আলাদা সংজ্ঞা আছে। ইতিহাস বা ব্যাকরণ ঠিক থাকলেও ঋতুর তারতম্যে এর সৌন্দর্যের বৈচিত্র্য দেখা যেতে পারে, কারণ শ্বেতশুভ্র পার্ক দেখার অভিজ্ঞতা এশিয়া থেকে আসা কারোরই নেই। কো-অর্ডিনেটর ড. এলকের যুক্তি পছন্দ হলো। ভ্রমণ সংগঠিত করার দায়িত্ব পড়ল আমার ওপর।

নির্ধারিত দিনে রওনা হলাম। বাসে যেতে যেতে অনেক চায়নিজ ছাত্রছাত্রী আমাকে গালমন্দ করছিল নিশ্চিত। তবে নামার পরপর সবাই স্তম্ভিত। হওয়ারই কথা। চোখের সামনে জার্মানির সবচেয়ে প্রথম এবং সর্ববৃহৎ ইংলিশ ল্যান্ডস্কেপ। ইউরোপের অনেক বড় বড় পার্ক, বাগান, প্রাসাদ আমার দেখার সৌভাগ্য হয়েছে। কিন্তু এ কোথায় এলাম। সম্পূর্ণ অন্য এক জগৎ। সাধারণত কোথাও ঘুরতে গেলে সেটা সম্পর্কে একটু জেনে যাওয়া আমার অভ্যাস। এইবার কোনো উপকার হলো না। ইন্টারনেটে দেখা মূর্তি, সাঁকো, স্থাপনা চেনা ঠেকলেও প্রাকৃতিক বাতাবরণ এতটাই অসদৃশ?
ঠান্ডায় জবুথবু হয়ে হাঁটতে হাঁটতে একসময় মনে হলো, অজানা এক আধ্যাত্মিক ক্ষেত্রে প্রবেশ করলাম। কিছুদূর গিয়ে দেখি একটা বসার জায়গা—ধ্যান করার জন্য। যুগল চায়নিজ ছাত্রছাত্রী বসে পড়ল এই ঠান্ডার মধ্যে। কিছুক্ষণ পর বলল, ‘এখন শীত একটু কমই লাগছে। সাইদা (আমার নাম) বসে পড়ো।’
আমি তখন রহস্যের অচেনা ঘোরে মোহাবিষ্ট। খানিকটা এগুলো একধরনের আধিভৌতিক সম্বোধন চেপে ধরে। গাইড তখন বলে যাচ্ছেন রাজকন্যার মৃত্যুর কথা, রাজার মেয়ের প্রতি ভালোবাসার কথা, অঞ্চল বিভাজন, ডাচ বারোক শহর পরিকল্পনা, নিও-ক্লাসিক্যাল ভবন, নিও-গথিক চার্চ, ইতিহাস!
গল্প, তত্ত্ব, ইতিহাস মনে নেই কিছুই; কিন্তু চোখ বন্ধ করলে ওই জায়গাটা অনুভব করতে পারি এখনো। ইন্টারনেট বা বই ঘাঁটলে তথ্য পাওয়া যাবে বহু! কিন্তু আমি যা সঙ্গে নিয়ে এসেছি, তা হলো কেবলই ভালো লাগার স্পর্শানুভূতি, কাচের মতো লেকের জল, পাড়ে বসা সাদা হাঁস, সাদা সাদা গাছ, ধূসর রাস্তা, অচল পাথরের তোরণ—যেন সাদাকালো পুরোনো দিনের ছবি।
খুব ইচ্ছা গরমের সময় একবার যাব ইউনেসকোর স্বীকৃতিপ্রাপ্ত কালচারাল ল্যান্ডস্কেপ ওয়ারলিটজ পার্কের নৈস্বর্গিক সৌন্দর্য দেখতে, বর্ণিল লাল, কমলা, সবুজ, নীল। আপনি যাবেন আমার সঙ্গে?