শীতে জমজমাট নৃত্যমেলা
শীতের তীব্রতা রাজধানীতে গতকাল সোমবার থেকে বেড়েছে। সঙ্গে কনকনে হাওয়া। সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী চত্বরে জবুথবু হয়ে বসে ছিলেন দর্শকদের অনেকে। একাডেমীর খোলা চত্বরে চলছে বুলবুল চৌধুরী মেলার আয়োজন। এক পাশে বেশ কয়েকটি স্টল। নৃত্যসংশ্লিষ্ট নানা পসরা নিয়ে বসেছিলেন শিল্পীরাই। অন্য পাশে বিশাল মঞ্চ। শুরুর দিকের দর্শকসংখ্যার স্বল্পতা ঘুচে গিয়েছিল অনুষ্ঠান খানিক এগিয়ে গেলে। নূপুরের নিক্বণ শুনে আশপাশ থেকে চলে আসেন দর্শকেরা। জমজমাট হয়ে ওঠে আয়োজন।নৃত্যগুরু বুলবুল চৌধুরীর ৭২তম জন্মদিন উপলক্ষে শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা পাঁচ দিনব্যাপী এই মেলার আয়োজন করেছে। গতকাল ছিল মেলার তৃতীয় দিন।বিকেলে আলোচনায় অংশ নেন নৃত্যশিল্পী সংস্থার সভাপতি লায়লা হাসান, সাধারণ সম্পাদক দীপা খন্দকার, রাহিজা খানম প্রমুখ। পরে নৃত্য পরিবেশন করে দিব্য, সুকন্যা, ঘাসফুল নদী, নিঝুম, ঝংকারসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা। রাত নটা পর্যন্ত চলে নৃত্য পরিবেশনা। শিল্পীরা পালাক্রমে কখনো একক, কখনো দলীয় নৃত্য পরিবেশন করেন। তাঁদের পরিবেশনায় ছিল কত্থক, মণিপুরি, লোকসহ নানা ধরনের নৃত্য।নৃত্যশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক দীপা খন্দকার জানান, মেলার অংশ হিসেবে ৫ জানুয়ারি মানিকগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয় এবং ৭ জানুয়ারি চট্টগ্রামের সাতকানিয়ার চুনতি গ্রামে আলোচনা ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।বয়নচিত্রে রঙের মেলানানা রঙের উল আর পাটের সুতার শৈল্পিক বুননের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে চমৎকার সব চিত্র। শিল্পের ভাষায় এ ধরনের চিত্রকর্মকে বলা হয় বয়নচিত্র (ট্যাপেস্ট্রি)। শিল্পী তাজুল ইসলামের এমনই ৩৫টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে ধানমন্ডির গ্যালারি শিল্পাঙ্গনে। এটি শিল্পীর ষষ্ঠ একক বয়নচিত্র প্রদর্শনী। গতকাল সোমবার বিকেলে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস। বিশেষ অতিথি ছিলেন শিল্পী হামিদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পী সমরজিৎ রায় চৌধুরী।প্রধান অতিথির বক্তব্যে মিজারুল কায়েস বলেন, ‘আমাদের এখানে অনেক ভালো কাজ হচ্ছে। তাজুল ইসলামের কাজে বৈচিত্র্য আছে। তিনি সব সময় বৈচিত্র্য আনার চেষ্টা করেন।’ হামিদুজ্জামান বলেন, শিল্পী রশীদ চৌধুরী ছিলেন বাংলাদেশের বয়নচিত্রশিল্পের পথিকৃৎ। তাঁর কাছেই বয়নচিত্রশিল্পে আজকের শিল্পী তাজুল ইসলামের হাতেখড়ি। এবং এখন পর্যন্ত তিনিই এ শিল্পে রশীদ চৌধুরীর অন্যতম প্রধান উত্তরসূরি। খুব স্বাভাবিকভাবেই শুরুতে তাঁর কাজে রশীদ চৌধুরীর অনেক প্রভাব ছিল। ধীরে ধীরে তিনি তা অতিক্রম করতে পেরেছেন, বিশেষ করে আজকের প্রদর্শনীতে স্থান পাওয়া চিত্রকর্মগুলো সে কথাই বলছে। প্রদর্শনী চলবে ১৪ জানুয়ারি ২০১১ পর্যন্ত।হাশেম খানের চিত্রমেলায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরবাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে চলছে শিল্পী হাশেম খানের চিত্রমেলা। বিজয়ের ৪০ বছর উপলক্ষে এ প্রদর্শনী শুরু হয় গত ১৫ ডিসেম্বর। এ চিত্রমেলায় স্থান পেয়েছে শিল্পীর সমকালীন ৮০টি চিত্রকর্ম। গতকাল প্রদর্শনী পরিদর্শন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর অর্থনীতিবিদ আতিউর রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জাদুঘরের প্রযত্ন বোর্ডের সভাপতি এম আজিজুর রহমান, বোর্ডের সদস্য অধ্যাপক মুনতাসীর মামুন ও মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস।নীতিমালা মেনে একুশে গ্রন্থমেলা আয়োজনের দাবিঅমর একুশে গ্রন্থমেলার সাফল্য অব্যাহত রাখতে এবং মেলার পরিধি বাড়ানোর লক্ষ্যে নীতিমালার যথাযথ বাস্তবায়নের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। গতকাল বাংলা একাডেমী আয়োজিত এক গোলটেবিল বৈঠকে লেখক, প্রকাশকেরা মুক্ত আলোচনায় অংশ নেন। একাডেমীর সেমিনার কক্ষে এ গোলটেবিল বৈঠকে অমর একুশে গ্রন্থমেলা আয়োজন এবং এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।বৈঠকে সৈয়দ শামসুল হকের সভাপতিত্বে আহমদ রফিক, হাসনাত আবদুল হাই, রামেন্দু মজুমদার, সৈয়দ আবুল মকসুদ, রফিক আজাদ, আবুবকর সিদ্দিক, আসাদ চৌধুরী, মুহম্মদ নূরুল হুদা, সোহরাব হাসান, বেলাল চৌধুরী, শামীম আজাদ, মনজুরুর রহমান, ওসমান গনি প্রমুখ বক্তব্য দেন। বাংলা একাডেমীর পক্ষে মহাপরিচালক শামসুজ্জামান খান, সচিব আলতাফ হোসেন, পরিচালক শাহিদা খাতুন, আবদুল ওয়াহাব ও উপপরিচালক মুর্শিদ আনোয়ার উপস্থিত ছিলেন।বৈঠকে লেখকদের পক্ষ থেকে বলা হয়, বাংলা একাডেমী অমর একুশে গ্রন্থমেলার জন্য যে নীতিমালা তৈরি করে, তার পরিপূর্ণ বাস্তবায়ন হলেই একটি সুন্দর ও পরিচ্ছন্ন মেলা করা সম্ভব। মেলায় প্রকাশকদের পেশাদারির বিষয়ে আরও বেশি মনোযোগী হওয়া উচিত এবং লেখকদের মেধাস্বত্ব সংরক্ষণেও উদ্যোগী ভূমিকা রাখা প্রয়োজন। তাঁরা বলেন, বাংলা একাডেমী আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা কেবল একটি বইয়ের মেলাই নয়, এটি প্রাণের আর সাংস্কৃতিক মেলাও। বৈঠকে অংশ নেওয়া প্রকাশকেরা স্টল নির্মাণ ও বণ্টনে পরিবর্তন আনার ব্যাপারে নিজেদের মতামত তুলে ধরেন। এ সময় পুরোনো প্রতিষ্ঠিত প্রকাশকদের মধ্যে যাঁরা বর্তমানে নিয়মিতভাবে নতুন বই প্রকাশ করছেন না, সেসব প্রকাশনা প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ কমিয়ে নবীন প্রকাশকদের মধ্যে যাঁরা ভালো এবং নিয়মিত বই প্রকাশ করছেন, তাঁদের বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি মেলার অভ্যন্তরে শুধু বইয়ের স্টল রাখার পরামর্শ দেন অনেকে। অতীতে যেসব প্রকাশনা অনিয়ম করেছে বা নীতিমালা ভঙ্গ করেছে, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করা হয়।