শীতের আগেই জমে উঠছে রাজধানীর নাট্যাঙ্গন
শীত মৌসুম সামনে রেখে সক্রিয় হয়ে উঠছে নাটকের দলগুলো। নাট্যামোদীরাও ভিড় করছেন নাটক সরণি, শিল্পকলা একাডেমীর নাট্যশালা এবং নগরের অন্য মঞ্চগুলোতে। চলছে দুটি নাট্যোৎসব। শীত আসি আসি করছে। শীতকালে নাট্যাঙ্গন বেশি জমে।গতকাল মঙ্গলবার রাজধানীতে বেশ কয়েকটি নাটকের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় গণগ্রন্থাগারে স্বাপ্নিক থিয়েটার তিন দিন নিজেদের তিনটি নাটক নিয়ে উৎসবের আয়োজন করেছে। গতকাল উৎসবের দ্বিতীয় দিন মঞ্চস্থ হয় নজিব ওয়াদুদের রচনা ও এইচ এম তানভীর হাসানের নাট্যরূপে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ইদু কানার বউ। নাটকের কেন্দ্রীয় চরিত্রের নাম ইদু কানা। কৈশোরে ডাংগুলি খেলতে গিয়ে ডান চোখটা নষ্ট হয়ে গিয়েছিল। তাঁর নাম হয়ে যায় ইদু কানা। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে সে। একসময় নিখোঁজ হয়। তারপর বিভীষিকা নেমে আসে তার স্ত্রী সালেহার জীবনে। একদিন অপহরণ করা হয়। তার স্থান হয় পতিতালয়ে। এগিয়ে যায় নাটকের গল্প। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিকেন্দ্রিক নাট্য সংগঠন স্বাপ্নিক থিয়েটারের তিন দিনব্যাপী প্রথম নাট্যোৎসবের সমাপনী আজ। উৎসবের শেষ দিনে মঞ্চস্থ হবে নাটক কঞ্জুস সমাচার।এ ছাড়া টিএসসি মিলনায়তনে আয়োজিত বার্ষিক নাট্যোৎসবে গতকাল মঞ্চস্থ হয় নাটক সিদ্ধান্ত। নাটকটির নির্দেশনা দিয়েছেন ইসরাফিল শাহীন। বার্ষিক নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার মঞ্চে গতকাল শব্দ নাট্যচর্চা কেন্দ্র মঞ্চস্থ করে সন্তোষ চক্রবর্তীর নাটক ঠিকানা। কলিম শরাফী স্মরণছবির গলায় মালা। বহুজনের কণ্ঠে সচকিত জাতীয় নাট্যশালার পরিবেশ। শুধু তিনি নীরব। তাঁকে আর পাওয়া যাবে না কোনো আয়োজনে, কোনো প্রয়োজনে। সদ্যপ্রয়াত বরেণ্য সংগীতজ্ঞ কলিম শরাফী স্মরণে গতকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার আয়োজনে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে সমবেত সংগীত। রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন ‘সমুখে শান্তি পারাবার’ গানটি। এরপর আলোচনা। প্রয়াত সংগীতগুরুকে স্মরণ করে স্বাগত বক্তব্য দেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী। রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার সভাপতি অনুপ ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আতিকুল হক চৌধুরী, সেলিম মাহমুদ, সাদি মহম্মদ প্রমুখ। বক্তারা শিল্পীর সংগীতজীবন থেকে শুরু করে সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনসহ বর্ণাঢ্য জীবনের নানা বিষয়ে আলোকপাত করেন। এতে ১৯৮৩ সালে শিল্পীর প্রতিষ্ঠিত সংগীত সংগঠন সংগীত ভবনের জন্য স্থায়ী একটি ঠিকানা এক টুকরো জমি পাওয়ার জন্য কঠোর সংগ্রাম চালিয়ে যাওয়ার বিষয়টি আলোচনায় উঠে আসে। শিল্পীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁরা বলেন, কলিম শরাফী ছিলেন আলোকিত মানুষ। তাঁর কর্ম ও সৃজনকে স্মরণ করলেই একটি আলোকিত সমাজের মঙ্গল ও কল্যাণের সন্ধান পাওয়া যাবে। সংগীতকে তিনি নিছক বিনোদন নয়, সমাজ সংস্কারের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। শুধু সুর নয়, সংগীতের বাণী আত্মস্থ করে তা ছড়িয়ে দিয়েছেন সমাজের কল্যাণে। আলোচনা শেষে আরেকটি সমবেত কণ্ঠের গান। নাট্যশালায় যখন কলিম শরাফীর ছবির সামনে সমবেত সবাই গাইছিলেন ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’, তখন অনেকের চোখ ছলছল করছিল। কলিম শরাফী অনতিক্রমনীয় দূরত্বে। তিনি কি দেখছিলেন ছেড়ে যাওয়া সঙ্গী ও অনুরাগীরা কী গভীর শ্রদ্ধা ও নিখাদ ভালোবাসায় স্মরণে রেখেছে তাঁকে? এ প্রশ্নের উত্তর কারও জানা নেই। তবু মানুষ বুকভরা আশা নিয়ে, প্রগাঢ় বিশ্বাস করে—লোকান্তরে চলে যাওয়া স্বজন নিশ্চয়ই দেখতে পাবেন তাঁদের নিবেদিত শ্রদ্ধা।হেমন্তের বইমেলায়হেমন্তও বিদায় নিচ্ছে। অগ্রহায়ণ কড়া নাড়ছে দরজায়। হেমন্তের শেষ বিকেলে কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে জমে উঠেছে হেমন্তের বইমেলা। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, শাহবাগ শাখা এই বইমেলার মূল উদ্যোক্তা। ৩ নভেম্বর থেকে শুরু হওয়া মেলা চলবে ১২ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১ থেকে রাত আটটা পর্যন্ত খোলা।গতকাল বিকেলে মেলায় সপরিবারে বই কিনতে আসা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সামি মাহফুজের সঙ্গে দেখা। তাঁর বাচ্চার হাতে একগাদা বই। সবেমাত্র প্রথমা প্রকাশনের স্টল থেকে কিনলেন, একাত্তরের চিঠি বইটি। তাঁর স্ত্রী কিনলেন প্রথম আলোর সাপ্তাহিক ক্রোড়পত্র নকশায় মাছ নিয়ে প্রকাশিত ১০০টি রেসিপির বই। মেলা উপলক্ষে এই বইটি নতুন বেরিয়েছে। সামি বললেন, ‘একসময় ছোটবেলায় পাড়ার পাঠাগারে বই পড়তাম। কিন্তু এখন পাঠাগার খুঁজে পাওয়াই তো দায়। বই পড়ার অভ্যাসও মরে গেছে। তাই মেলা হলে একসঙ্গে কিছু কিনে নিয়ে যাই। বছরজুড়ে সেই বই পড়ি। একুশে বইমেলা ছাড়া এ ধরনের বইমেলা সেই সুযোগটা আরও একটু বাড়িয়ে দেয়।’প্রকাশকদের এই বইমেলার আয়োজনের ঘটা বৃথা যায়নি। যতই দিন গড়াচ্ছে ততই বাড়ছে বইপ্রেমী মানুষের ভিড়। প্রায় সবাই আসছেন বই কিনতে। কারও আগ্রহ নতুন বইয়ের দিকে। হেমন্তের বইমেলা উপলক্ষে প্রকাশনা প্রতিষ্ঠানগুলোও নতুন নতুন বই বের করেছে। ১৮টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে মেলায়।