শীতের দাপটে কাবু হয়নি যাত্রাপালা
মাঘের কনকনে শীতে হিম হয়েছিল যাত্রা প্যান্ডেল। জলিল মিয়ার আয়োজনে শুরু হওয়া গীতিনাট্য যাত্রা প্যান্ডেলের উদ্বোধনী দিন থেকেই শীতের দাপট যাচ্ছে। শ্রোতা-দর্শক ধরে রাখতে সন্ধ্যা থেকে যাত্রা শুরুর আগ পর্যন্ত বিচিত্রানুষ্ঠানে নাচ-গান চালানো হচ্ছে। প্যান্ডেলে গীতিনাট্য যাত্রা-গান পরিবেশন করছে কুমিল্লার রূপশ্রী অপেরা। এর ভারপ্রাপ্ত স্বত্বাধিকারী হচ্ছেন ঢাকার সাজঘরের মালিক নয়ন মিয়া শেখ। যাত্রায় রয়েছে নয়ন মিয়ার দীর্ঘদিনের অভিজ্ঞতা। বিভিন্ন সময় অন্যের লাইসেন্স ভাড়া নিয়ে যাত্রাদল গঠন করে থাকেন তিনি। মৌসুম শুরুর আগেভাগেই প্রয়োজনমতো শিল্পীদের অগ্রিম টাকা দিয়ে বায়না করে রাখেন। এ বছর বায়না নিয়ে কিছু শিল্পী অন্যত্র চলে যাওয়ায় দল সাজাতে বেগ পেতে হয়েছে বলে জানান তিনি। আবার প্রথম প্যান্ডেলেই ২৫ হাজার টাকার একটা হোঁচট খেয়েছেন নয়ন মিয়া। যাত্রাশিল্পী উন্নয়ন পরিষদের সভাপতির প্যান্ডেলে যাত্রা করে এই টাকাটা তিনি পাননি। তবে বাধা-বিপত্তি এড়িয়ে স্বচ্ছগতিতে এখন তিনি যাত্রা করছেন। ঢাকার কদমতলী থানার ঢাকা ম্যাচ ফ্যাক্টরির ২নং গেটসংলগ্ন মাঠে বিশাল প্যান্ডেল গেড়েছেন যাত্রা বন্ধুখ্যাত মোহাম্মদপুরের জলিল মিয়া। সঙ্গে আছেন আরেক যাত্রাদরদি শরীফ মিয়া। মৌসুম ছাড়াও অকালে-অসময় যাত্রাগানের আয়োজন করে জলিল মিয়া যাত্রাশিল্পীদের বাঁচিয়ে রাখার চেষ্টা করেন। এ জন্য এই শিল্পের লোকেরা তাঁকে যাত্রাবন্ধু হিসেবে চেনেন। শরীফ মিয়াকে জানেন যাত্রাদরদি হিসেবে। ম্যাচ ফ্যাক্টরির মাঠে গীতিনাট্য যাত্রা ও সাংস্কৃতিক পর্ব চলবে দীর্ঘদিন।‘পুরোনো সেই দিনের কথা ভুলব কিরে হায়/ও সে চোখের দেখা, প্রাণের কথা/সেকি ভোলা যায়’—কবিগুরুর এই গানের মতোই রূপশ্রীর যাত্রাদর্শক ঢাকা ম্যাচ ফ্যাক্টরির প্যান্ডেলে এসে স্মৃতিকাতর হয়ে পড়ে। তৃতীয় রজনীর পালা গুনাই বিবি দেখে হূদয়ের কথা বলতে ব্যাকুল হয়ে ওঠে।পরস্পর বলে, এ তো আমাদের চেনা কাহিনি। বরিশালের এক নিভৃত পল্লির মেয়ে গুনাই। শিশু থেকে কৈশোর। তা থেকে যৌবনে পদার্পণ এবং বিয়ে। অথচ নিদারুণ কষ্টে স্বামীসোহাগী গুনাই বিবির জীবন সংগ্রাম। যাত্রার আসরে করুণ এই কাহিনির সঙ্গে শ্রোতা-দর্শক মিশে যায় মুহূর্তে। শহিদ মিয়ার পালা নির্দেশনায় কাশেম মালা, আপন দুলাল, কমলার বনবাস, সাগর ভাসা, লাইলি মজনু, রূপবান, গুনাই বিবি পালাগুলো দেখে মুগ্ধ শ্রোতা-দর্শক।আবদুল খালেক ও শহিদ মিয়ার কৌতুক অভিনয় দেখে দর্শক যেমন হেসেছে, তেমনি করুণ পরিণতি দেখে কেঁদেছে। আশিক, রীনা দলের রোমান্টিক জুটি। স্টার শিল্পীদের মধ্যে রাজু, খোকন মাস্টার, জোছনা, পারুল, জাকির, ইউনুছ আলী, মোজাহার, মমতাজ, রাজ্জাক প্রমুখ। নাচে-গানে অন্যতম ময়না, নিপা ও আসমা আক্তার। এদের সঙ্গত করার জন্য মাস্টার জসিম, নিখিল, ফরহাদ, নুরু, নায়েব আলী ও ফারুক।নিজস্ব সাজঘরের উন্নত ও ঝকঝকে পোশাকের দরুন দলের প্রতি একটা বাড়তি আকর্ষণ এসেছে। শ্রোতারা পালার চরিত্র অনুযায়ী পোশাকআশাকে ভীষণ খুশি। দুটো মাত্র প্যান্ডেলে গান করেই দলটি হইচই ফেলে দিয়েছে। শ্রোতারাও বলাবলি করছে, এমন গান-বাজনা হলে শুনতে মন চায়। আর তাই শীত তাদের কাবু করতে পারেনি। হূদয়ছোঁয়া গান-বাজনার টানে প্রতি রাতেই দর্শক-শ্রোতা ছুটে আসছে প্যান্ডেলে।