শীতের বিকেলে খুলনায় জমজমাট ব্যান্ড শো
গানে গানে খুলনার তরুণ শ্রোতাদের মাতিয়েছেন দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড সংগীতশিল্পীরা। গতকাল শুক্রবার শীতের বিকেলে খুলনা স্টেডিয়ামে জেগেছিল তারুণ্যের উচ্ছ্বাস। দিনবদলের জন্য তাদের উদ্দীপ্ত করে তুলেছিলেন শিল্পীরা।কনসার্ট শুরু হয়েছিল বিকেল তিনটায়। তার আগে থেকেই লম্বা লাইন পড়েছিল স্টেডিয়ামের প্রবেশদ্বারে। কনসার্টের উদ্বোধন করেন খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। সংগীতের মাধ্যমে দিনবদলের প্রেরণা দেওয়া ও তারুণ্যের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক দেশজুড়ে যে ধারাবাহিক কনসার্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে, খুলনার এই আয়োজন থেকেই তা শুরু হলো।অনুষ্ঠানে হাবিব গেয়ে শোনান তাঁর ‘ঝিলিক ঝিলিক’, ওয়ারফেইজের পরিবেশনায় ছিল ‘তুমি হীনা’, অর্থহীন পরিবেশন করে ‘একমুঠো’। মাইলসের গানগুলোর মধ্যে ছিল ‘ফিরিয়ে দাও আমার প্রেম’ এবং এলআরবির আইয়ুব বাচ্চু ‘সেই তুমি কেন এত অচেনা হলে’ গেয়ে দর্শকদের মাতিয়ে তোলেন।