শীতের সকালে পুরস্কারের আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতের সকাল। কনকনে ঠান্ডা বাতাসে শরীরে কাঁপুনি ধরে। কিন্তু ঠান্ডা দমাতে পারেনি উচ্ছল শিশুদের। গতকাল সোমবার সকালে শিশু একাডেমীর খোলা চত্বরে তারা মেতে ছিল পুরস্কার দেওয়া-নেওয়ার উৎসবে। যোগ্যতার বিচারে এগিয়ে থেকে ‘বই’ পুরস্কার নিয়ে তারা হাসিমুখে ফিরে গেছে বাড়ি।বিশ্বসাহিত্য কেন্দ্র ও সিটিব্যাংক এনএ যৌথভাবে আয়োজন করেছিল ‘সিটি আগামীর আলো’ নামের রচনা, দেয়াল পত্রিকা, মানচিত্র অঙ্কন এবং আবৃত্তি প্রতিযোগিতা। এর পুরস্কার দেওয়া হলো গতকাল।ঢাকা শহরের ৫০টি সেরা স্কুলের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে স্কুলভিত্তিক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে বাছাই করা শিক্ষার্থীদের নিয়ে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হয় দ্বিতীয় পর্ব। স্কুলপর্যায়ে প্রথম পর্বে চারটি বিষয়ে মোট এক হাজার ১০০ জন শিক্ষার্থী পুরস্কার পাওয়ার যোগ্যতা অর্জন করে। গতকাল রচনা প্রতিযোগিতায় ২০০ জন, মানচিত্র অঙ্কনে ২০০, কবিতা আবৃত্তিতে ২০০ ও দেয়াল পত্রিকা তৈরিতে ৫০০ জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।সকালে অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল দেয়াল পত্রিকার মূল্যায়ন। একাডেমী চত্বরে সাজানো হয়েছিল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তৈরি দেয়াল পত্রিকা। মূল্যায়ন করেন বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান মুস্তাফা মনোয়ার, শিল্পী রফিকুন নবী, সিটিব্যাংক এনএ বাংলাদেশের কান্ট্রি ও বিজনেস ম্যানেজার রাশেদ মাকসুদ। বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আবদুল্লাহ আবু সায়ীদ অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন। তিনি বলেন, ‘এই কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীদের সাহিত্য, সংস্কৃতি ও ভূগোলের জ্ঞান বেড়েছে। আমাদের উদ্দেশ্য হলো আগামী দিনের জাতির ভবিষ্যৎ এসব শিক্ষার্থীকে আলোকিত জীবনের পথে সচেতন করে তোলা।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি মাহবুব জামিল, উপদেষ্টা কে এম হাবিবউল্লাহ ও পরিচালক নজরুল ইসলাম।ফিরোজ সাঁইকে স্মরণসংগীতের প্রতি ছিল তাঁর গভীর ভালোবাসা। তিনি সংগীতে জীবনের কথা বলতেন, ভালোবাসার কথা বলতেন। তাঁর ‘এক সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হইবে রং তামাশা/ চক্ষু মুদিলে, হায় রে দম ফুরাইলে’ গানটি সংগীতানুরাগীদের মনে তাঁকে স্মরণীয় করে রাখবে। এই গান গেয়েই গান ও জীবনের মঞ্চ থেকে চিরপ্রস্থানে গিয়েছিলেন শিল্পী ফিরোজ সাঁই।গতকাল সন্ধ্যায় ফিরোজ সাঁইয়ের ১৫তম মৃত্যুবার্ষিকীতে বক্তারা তাঁকে এভাবেই স্মরণ করলেন। কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে ‘ফিরোজ সাঁই স্মৃতি সংসদ’। আলোচনায় অংশ নেন সুরকার শেখ সাদী খান, জাদুশিল্পী এ এইচ রানা ও সংসদের সভাপতি ফারুক ভূঁইয়া।আলোচনার পর ছিল সংগীতানুষ্ঠান। শিল্পী ফারুক ভূঁইয়া, ইকবাল মাহমুদ ও রেজাউল করিম ‘এক সেকেন্ডের নাই ভরসা...’ ছাড়াও ফিরোজ সাঁইয়ের বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশন করে শ্রোতাদের প্রায় দেড় ঘণ্টা মুগ্ধ করে রাখেন। ঢাকা ড্রামার ‘এখন দুঃসময়’দীর্ঘদিন পর গতকাল সোমবার শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে মঞ্চস্থ হলো আবদুল্লাহ আল মামুন রচিত একসময়ের আলোচিত নাটক এখন দুঃসময়। নাটকটি প্রথম মঞ্চে আসে ১৯৮৪ সালে। মাঝে কিছু দিন এর মঞ্চায়ন বন্ধ ছিল। এবার নাটকটি মঞ্চে এনেছে ঢাকা ড্রামা।এখন দুঃসময় বানভাসী মানুষের গল্প। নাটকটির নির্দেশনা দিয়েছেন সিদ্দিকুর রহমান। গতকাল ছিল নাটকটির ১০৯তম প্রদর্শনী।জন্মদিনে শিল্পী কালিদাস কর্মকারের বিশেষ অঙ্কনআয়োজনটি ছিল একেবারেই ঘরোয়া। কিন্তু নিখাদ শ্রদ্ধা ও হূদয়ের নিবিড় প্রীতিতে উষ্ণ ছিল। গতকাল সোমবার রাতে শিল্পী কালিদাস কর্মকারের ৬৫তম জন্মদিন উপলক্ষে তাঁর স্বজন-সুহূদেরা প্রীতি অনুষ্ঠানটির আয়োজন করেন।মালিবাগের গ্যালারি কসমসে অনুষ্ঠানটি পরিণত হয় শিল্পী ও শিল্পানুরাগীদের মিলনমেলায়। ছিল গানের আয়োজন। শিল্পী গানের সঙ্গে বিশাল এক ক্যানভাসে ছবিও এঁকেছেন। ছবির শিরোনাম কী, জানতে চাইলে তিনি জানান, ‘জীবন ও জিজ্ঞাসা’। অনেক রাত পর্যন্ত চলে অনুষ্ঠানটি।শিল্পী কালিদাস কর্মকারের জন্ম ১৯৪৬ সালে ফরিদপুরে। তিনি ১৯৬৯ সালে কলকাতার গভর্নমেন্ট কলেজ অব ফাইন আর্টস অ্যান্ড ক্রাফটস থেকে চারুকলায় স্নাতক ডিগ্রি লাভ করেন। এ পর্যন্ত তিনি ৬৫টি একক প্রদর্শনী ছাড়াও বহু দলবদ্ধ প্রদর্শনীতে অংশ নেন।