শীতের সন্ধ্যায় সরোদ ও তবলার সুরলহরি
বাইরে শীতের কনকনে হিমেল হাওয়া আর কুয়াশার ঘনঘোর। কিন্তু গতকাল সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ের ভেতরের পরিবেশ কেবল উষ্ণ ছিল না, ছিল উপভোগ্যও। গ্যালারির দেয়ালজুড়ে শিল্পকর্ম আর সারা ঘরে ছড়িয়ে আছে সুরের আবেশ। তবলা ও সরোদে শিল্পী আরিফ খান ও সৌমিক দত্ত সুর-লয়ে ভরিয়ে দিয়েছিলেন শ্রোতাদের অন্তর।বৃহস্পতিবার শীতের সন্ধ্যায় বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী দুই শিল্পীর পরিচিতি তুলে ধরেন। আরিফ খান প্রখ্যাত ফররুখাবাদ ঘরানার প্রতিষ্ঠাতা দ্বাদশ শতকের হাজি ওস্তাদ বেলায়েত হোসেন খাঁর ৩৪তম বংশধর। বাবা ওস্তাদ সাব্বির খাঁর কাছে তবলার তালিম নিয়েছেন তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্র-প্রবাসী সৌমিক দত্ত পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্তের কাছে সরোদের তালিম নিয়েছেন। পাশ্চাত্য সংগীত বিষয়ে তিনি লন্ডনের ট্রিনিটি কলেজ অব মিউজিকে লেখাপড়া করেছেন।প্রথমে তবলায় লহরা দিয়ে শুরু করেন আরিফ খান। এক ঘণ্টারও বেশি সময় তিনি বিভিন্ন ঘরানার ‘কায়দা’ পরিবেশন করেন। তবলার রেশ কাটতে না-কাটতেই মঞ্চে আসেন সৌমিক দত্ত। সরোদে কৌশিকী কানাড়া পরিবেশনার মধ্য দিয়ে বাদন শুরু করেন তিনি। শীতের রাতে সুর ও লহরিতে মুগ্ধ দর্শকদের সরোদ বাজিয়ে শোনান ঘণ্টা খানেক।মাহিদুলের কণ্ঠে গুণের কবিতা‘ভুলে যাও তুমি পূর্বেও ছিলে/ মনে করো এই বিশ্ব নিখিলে/ এবারই প্রথম তুমি।...’ কবি নির্মলেন্দু গুণের কবিতা ‘এবারই প্রথম তুমি’ নামের কবির এই পঙিক্তমালা দিয়েই আবৃত্তি শুরু করেছিলেন আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম। এরপর তিনি এক এক করে নির্মলেন্দু গুণের আরও ১৩টি কবিতা আবৃত্তি করেন। এসব কবিতা রয়েছে তাঁর প্রেমে অপ্রেমে নামের আবৃত্তি অ্যালবামে। গতকাল বিকেলে জাতীয় নাট্যশালায় ছিল অ্যালবামটির প্রকাশনা উৎসব। এর মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবার এবং সমাজকল্যাণ-বিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী। বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। সভাপতিত্ব করেন আবুল হাসনাত। যৌথভাবে এই উৎসবের আয়োজন করে আবৃত্তি সংগঠন ‘স্বরচিত্র’ ও ‘আবৃত্তি মেলা’। দ্বিতীয় পর্বে ছিল বৃন্দ আবৃত্তি। এতে অংশ নেন গোলাম সারোয়ার, রফিকুল ইসলাম, ইকবাল খোরশেদ, তিতাস রোজারিও, মজুমদার বিপ্লব প্রমুখ।কচি-কাঁচার আনন্দমেলা শুরুশিশুরা ছবি আঁকছে, গাইছে, নৃত্য পরিবেশন করছে, শরীরচর্চায় অংশ নিচ্ছে, বিজ্ঞান ও সংগীতবিষয়ক প্রশিক্ষণ নিচ্ছে। নির্ধারিত এসব কর্মসূচির বাইরে একটু সময় পেলেই তারা ইচ্ছেমতো দৌড়ঝাঁপ করেছে, পরস্পরের সঙ্গে গল্পে মেতেছে। শীত পাত্তাই পাচ্ছে না তাদের কাছে। এভাবে চলেছে সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত। এ চিত্র সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা প্রাঙ্গণের। গতকাল এখানে শুরু হয়েছে মেলার তিন দিনব্যাপী আনন্দমেলা (ক্যাম্প)-২০১১। এ উপলক্ষে ‘কেন্দ্রীয় কচি-কাঁচা মেলা’র ফটক, প্রাঙ্গণ ও ভবন সাজানো হয়েছে নানা রঙে। এবারের আনন্দমেলায় দেশের বিভিন্ন স্থানের কচি-কাঁচার ২৫টি শাখার শিশুরা অংশ নিয়েছে।সকালে মেলা উদ্বোধন করেন পাক্ষিক অনন্যার নির্বাহী সম্পাদক ও ‘কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা’র উপদেষ্টা দিল মনোয়ারা এবং ক্যাম্পের অধ্যক্ষ শিরিন বানু। ১৫ জানুয়ারি সমাপনী অনুষ্ঠান শুরু হবে বিকেল চারটায়।প্রাকৃতিক রঙে বস্ত্রশিল্পের প্রদর্শনীপোশাক ও কারুশিল্প তৈরির প্রতিষ্ঠান অরণ্যের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অরণ্য ও বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আজ শুক্রবার থেকে ‘রঙিন উৎসব’ নামে প্রাকৃতিক রঙে বস্ত্রশিল্পের বিশেষ প্রদর্শনী শুরু হবে।বিকেলে বেঙ্গল শিল্পালয়ে নয় দিনব্যাপী এই উৎসব এবং প্রদর্শনীর উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।গতকাল বৃহস্পতিবার দুপুরে বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দেওয়া হয়। সংবাদ সম্মেলনে অরণ্যের রুবী গজনভী, চন্দ্রশেখর সাহা এবং বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী বক্তব্য দেন। প্রদর্শনী ২২ জানুয়ারি পর্যন্ত খোলা থাকবে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। ১৫ জানুয়ারি শনিবার বেঙ্গল শিল্পালয়ে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দিনব্যাপী প্রাকৃতিক রং দিয়ে ছবি আঁকার কর্মশালা অনুষ্ঠিত হবে। দেশের বিশিষ্ট শিল্পীরা এ কর্মশালায় অংশ নেবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবৃত্তি উৎসবরাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, ‘জয় অস্তসূর্য জয় অলখ অরুণোদয় জয়’ স্লোগান নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী আবৃত্তি উৎসব। বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন স্বনন-এর ২৯ বছর পূর্তি উপলক্ষে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আজ সকাল সাড়ে ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান ও শোভাযাত্রা হবে। বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হবে আবৃত্তি অনুষ্ঠান।ফরিদপুরে ‘রানওয়ে’ফরিদপুর অফিস জানায়, ফরিদপুরে তারেক মাসুদ পরিচালিত রানওয়ে ছবির প্রথম দিনে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় কবি জসীমউদ্দীন হলে ছবিটির প্রতিটি শোতে মিলনায়তন ছিল দর্শকে পূর্ণ। বেলা তিনটায় প্রথম প্রদর্শনীতে ফরিদপুর মেডিকেল কলেজ, সরকারি রাজেন্দ্র কলেজ ও সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের ছাত্রছাত্রীরা ভিড় জমায়। গতকাল বেলা তিনটায় তিন দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ।