শীর্ষস্থান এখন পিটবুলের দখলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিটবুল
পিটবুল

নতুন অ্যালবাম মেল্ট টাউন-এর গান ‘টিম্বার’ নিয়ে প্রায় দুই সপ্তাহ বিলবোর্ডের প্রথম স্থান ধরে রেখেছেন আমেরিকান হিপহপ তারকা পিটবুল। গানটি প্রথম মুক্তি পায় গত বছরের ৭ অক্টোবর। বিলবোর্ডের টপ ১০০ -তে ঢোকে ২৬ অক্টোবর। তার পর থেকেই শ্রোতাপ্রিয়তা পেতে থাকে। কিন্তু আরেক বিখ্যাত র‌্যাপার রিহানা এমিনেমের ‘মনস্টার’-এর জন্য প্রায় চার সপ্তাহ দুই নম্বরে আটকে ছিল এই গানটি। ‘মনস্টার’-এর পতন হওয়ায় অবশেষে চলতি বছরের ১৮ জানুয়ারি থেকে এখন পর্যন্ত শীর্ষস্থানে রয়েছে পিটবুলের ‘টিম্বার’ গানটি। তার সঙ্গে সহশিল্পী কেশা। এই গানের মিউজিক ভিডিও মুক্তি পায় গত বছরের ২৪ নভেম্বরে। বিলবোর্ডের পাশাপাশি ইউটিউবেও গানটি ভালো নজর কেড়েছে। গত দুই মাসে প্রায় ১০ কোটিবার দেখা হয়েছে এই মিউজিক ভিডিওটি। যুক্তরাষ্ট্রে ২০ লাখ কপি বিক্রি হওয়া এই অ্যালবাম পিটবুলকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।
অন্যদিকে, কেটি পেরির ‘ডার্ক হর্স’ চার নম্বর থেকে এই সপ্তাহে দ্বিতীয় স্থানে উঠে এসেছে।
চার্টের তিন নম্বর স্থানে আছে আমেরিকান পপ ব্যান্ড ওয়ান রিপাবলিকের ‘কাউন্টিং স্টার’। ৩১ সপ্তাহ ধরে চার্টে থাকা এই গানের অনেক উত্থান-পতন হয়েছে।
চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে ক্রিস্টিনা আগুইয়েরা ‘সে সামথিং’ এবং রিহানা-এমিনেমের ‘মনস্টার’। ‘সে সামথিং’ গানটি আমেরিকান একটি রিয়েলিটি শো-তে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর নতুন করে রেকর্ড করা হয় এবং বাজারে ছাড়া হয়। অন্যদিকে রিহানা-এমিনেম জুটির দ্বিতীয় গান ‘মনস্টার’ প্রথম স্থান হারালেও গানটি নিয়ে শ্রোতাদের আগ্রহের কমতি নেই।
মো. সাফিবিনদোহা