
মার্কিন সাময়িকী ফোর্বস ঘোষণা করেছে এ বছর সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ১০ অভিনেত্রীর তালিকা। এতে শীর্ষে অবস্থান করছেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স। তবে দক্ষিণ এশিয়ার বলিউডপ্রেমীদের জন্য সুখবর হলো, এই তালিকায় প্রথমবারের মতো উঠে এসেছে দীপিকা পাড়ুকোনের নাম। ২০১৫ সালের জুন থেকে এ বছরের জুন পর্যন্ত ১০ মিলিয়ন ডলার আয় করে ফোর্বস-এর তালিকার দশম স্থানে জায়গা পেয়েছেন এই বলিউড তারকা।
গত এক বছরে ৪৬ মিলিয়ন মার্কিন ডলার আয় করে এ নিয়ে দ্বিতীয়বারের মতো শীর্ষ রোজগেরে অভিনেত্রীর খেতাবটি জিতলেন জেনিফার লরেন্স। তাঁর আয় ৪৬ মিলিয়ন ডলার। তাঁরপরই দ্বিতীয় স্থানে আছেন ঘোস্টবাস্টার্স তারকা মেলিসা ম্যাকার্থি। মেলিসার আয় ৩৩ মিলিয়ন ডলার। ‘ব্ল্যাক উইডো’ স্কারলেট জোহানসন ২৫ মিলিয়ন ডলার আয় করে তালিকার ৩ নম্বরে জায়গা করে নিয়েছেন। এরপর একে একে জেনিফার অ্যানিস্টন (৪), চীনা অভিনেত্রী ফ্যাঙ বিংবিং (৫), শার্লিজ থেরন (৬), অ্যামি অ্যাডামস (৭), জুলিয়া রবার্টস (৮) ও মিলা কুনিসের (৯) নাম উঠে এসেছে তালিকায়। তবে হলিউডের এই মহাতারকাদের ভিড়ে দীপিকা পাড়ুকোনের নাম আসায় অনেকের চোখই এখন ছানাবড়া। কারণ, তালিকায় এক দীপিকাই এমন অভিনেত্রী, যাঁর কোনো ছবি এখন পর্যন্ত হলিউডে মুক্তি পায়নি। হলিউডে অভিষেকের আগেই দীপিকার এই প্রতাপ তাই হলিউডের অনেক অভিনেত্রীকেই ভাবিয়ে তুলেছে। ফোর্বস।