শীর্ষে 'রুড'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাজিক ব্যান্ডের সদস্যরা
ম্যাজিক ব্যান্ডের সদস্যরা

কানাডার ফিউশন ব্যান্ড ম্যাজিকের প্রথম অ্যালবাম ডোন্ট কিল দ্য ম্যাজিক-এর গান ‘রুড’ এখন বিলবোর্ড টপচার্টের শীর্ষে অবস্থান করছে। রুডের বাংলা মানে রূঢ়! বর্তমান রূঢ় সময়ের জন্যই কি গানটি এত জনপ্রিয়তা পাচ্ছে? গানের সফলতার কারণ যা-ই হোক না কেন, গানটি তৈরির পেছনে রয়েছে সত্যি ঘটনা। ব্যান্ডের একজন সদসের সঙ্গে তার প্রেমিকার সম্পর্কের টানাপোড়েন চলছিল। একদিন ঝগড়ার সময় ওই সদস্য তার প্রেমিকার উদ্দেশে সুর করে বললেন, ‘কেন এত নিষ্ঠুর হচ্ছো, জানো না আমিও মানুষ!!’ ব্যস, তারপর এই কথাগুলোর সামনে-পেছনে আরও লাইন জুড়ে দিয়ে গানটি লেখা হয়।
মুক্তির পর গানটি প্রথম বিলবোর্ডে স্থান পায় মে মাসে। তারপর জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে এখন পর্যন্ত এটি প্রথম স্থান ধরে রেখেছে। জানা গেছে, এখন পর্যন্ত গানটির আড়াই লাখের বেশি ডিজিটাল কপি বিক্রি হয়েছে। বিলবোর্ড ছাড়াও গানটি অস্ট্রেলিয়া, ডেনমার্ক, নিউজিল্যান্ড এবং অন্যান্য দেশের বাজার গরম রেখেছে।
সিঁড়ির দ্বিতীয় ধাপে আছে স্যাম স্মিথের ‘স্টে উইথ মি’। বিলবোর্ড এরই মধ্যে গানটিকে ২০১৪ সালের সেরা গানের একটি হিসেবে অন্তর্ভুক্ত করেছে। মার্চে মুক্তির পরই রেডিও, লাইভ পারফরম্যান্স গানটিকে সবার মাঝে সহজে ছড়িয়ে দিতে পেরেছে। বিলবোর্ডের পাশাপাশি গানটি কানাডা, যুক্তরাজ্য ও অন্যান্য দেশের টপলিস্টে রয়েছে।
গত সপ্তাহে দুই থেকে এবার তৃতীয় স্থানে পতন হলো ইগি আজালিয়ার ‘ফ্যান্সি’। টানা কয়েক সপ্তাহ বিলবোর্ড টপচার্টে থাকার পর এখনো গানটি বাজারে ভালো সাড়া ফেলছে। এখন পর্যন্ত তিন লাখের বেশি কপি বিক্রি প্রমাণ করে যে এত সহজে ‘ফ্যান্সি’ হারিয়ে যাচ্ছে না।
মেগান ত্রেইনোরের প্রথম গান ‘অল অ্যাবাউট ব্যাস’ মুক্তির কয়েক সপ্তাহেই বিলবোর্ডে নিজের অবস্থান করে নিয়েছে। অন্য রকম মিউজিক আর বেইজের জন্য এটি শুরু থেকেই শ্রোতাদের আকৃষ্ট করেছে। এ ছাড়া কম সময়ের মধ্যে এটি ‘এয়ার প্লে’ আর ‘ডিজিটাল সেলস’-এর খেতাব পেয়েছে। গানটি আছে এই সপ্তাহে চতুর্থ স্থানে।
পঞ্চম অবস্থানে আছে নরওয়ের শিল্পী নিকো-ভিঞ্জের ‘অ্যাম আই রং?’ নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্কের মতো দেশে গানটি ব্যাপক সাড়া ফেলে। গানটি দেশগুলোর টপচার্ট রাতারাতি দখল করে নেয়। আর ইউটিউবে গানটি এখন পর্যন্ত প্রায় পাঁচ কোটিবার দেখা হয়েছে।