শুকনো শাখায় শিল্পের প্রাণ
ঢাকা আর্ট সেন্টার বিচিত্র ভাস্কর্যে সাজানো। কুড়িয়ে আনা তুচ্ছ, ফেলনা কাঠকুটো দিয়ে চোখজুড়ানো এই ভাস্কর্যগুলো সৃষ্টি করেছেন ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী। তিনি শিল্পকর্ম সৃষ্টি করেন চারপাশের অযত্নে-অবহেলায় পড়ে থাকা শেকড়-বাকড় ও কাঠের গুঁড়ি দিয়ে। আমাদের ভাবনার আড়ালে পড়ে থাকা নিষ্প্রাণ বস্তুতে সঞ্চারণ করেন সৃষ্টিশীলতার আবেগ। ধূসর শুকনো উপকরণের সঙ্গে সবুজ গাছালি জুড়ে দেন তিনি। ঢাকা আর্ট সেন্টারে গতকাল শুরু হলো শিল্পীর ‘বৃক্ষসখা মনের ভাস্কর্য’ শিরোনামের একক ভাস্কর্য প্রদর্শনী।বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, স্থপতি রবিউল হুসাইন, সভাপতিত্ব করেন রামেন্দু মজুমদার।প্রদর্শনীতে শিল্পকর্ম ৫২টি। শুকনো ডালকে যেমন প্রাণবন্ত করেছেন, তেমনি একটি ভাঙা কাঠের টুকরায় ফুল ফুটিয়েছেন। গাছের শেকড়কে দিয়েছেন মানুষের আদল। শেকড় এবং গাছের ডাল দিয়ে ছাতা মাথায় একলা হেঁটে যাওয়া মানুষও বানিয়েছেন। ‘উচাটন মন’, ‘পরমা’, ‘জনান্তিক, ও ‘মগ্ন প্রহর’ নামের শিল্পকর্মে মানুষের মনের অতৃপ্ত বাসনা, সৌন্দর্যবোধ, ভালোবাসার আত্মিক ঐশ্বর্য নান্দনিক আভা নিয়ে উপস্থিত হয়েছে। দৈনন্দিন জীবনের অস্থিরতা, বিচ্ছিন্নতাবোধ এবং প্রকৃতির সঙ্গে নগরজীবনের বৈপরিত্য, সৌন্দর্যপ্রীতি ও পাপবোধ তাঁর কাজে প্রতিফলিত হয়েছে।ইস্টার্ন ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রদর্শনী ১২ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে।মুক্তিযোদ্ধা শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণীর ২০১০ সালে ‘স্বাাধীনতা দিবস’ পদক লাভ করেন। এ পর্যন্ত তাঁর ১১টি একক প্রদর্শনী হয়েছে এবং বহু দলবদ্ধ প্রদর্শনীতে অংশ নিয়েছেন।প্যারেড গ্রাউন্ডে বিজয় উৎসবপ্রতিবছরের মতো জাতীয় প্যারেড গ্রাউন্ডে এবারও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজয় উৎসব। তবে এবারের বিজয় উৎসবে সহ-আয়োজক হিসেবে অংশ নেবে চ্যানেল আই ও বিজ্ঞাপনী সংস্থা মাত্রা। আয়োজন হবে আরও ব্যাপক। থাকবে নতুনত্ব।বিজয় উৎসবের বিস্তারিত তুলে ধরতে গতকাল ঢাকার শেরাটন হোটেলে এক সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, মাত্রার ম্যানেজিং পার্টনার অভিনেতা আফজাল হোসেন, সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মাদ আজিজ খান, ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ার।সংবাদ সম্মেলনে জনানো হয়, অনুষ্ঠান হবে দুই দিনব্যাপী। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের বর্ণিল কুচকাওয়াজ ও ১৭ ডিসেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বিজয় সন্ধ্যা’। বিজয় সন্ধ্যায় গান গাইবেন দেশের প্রথম সারির সংগীতশিল্পীরা। এই প্রথম দেশের সাধারণ মানুষ এবং সামরিক বাহিনীর সম্পৃক্ততায় অনুষ্ঠিত হবে এই বিজয় উৎসব।সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানান, ‘বিজয় অর্জনের পর থেকেই এগিয়ে যাচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি। স্বাধীনতার ৪০ বছরে এসে আমাদের এখনকার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গড়ার। তাই পরিবর্তিত সময়ের পরিপ্রেক্ষিতে পুরো আয়োজনকে আরও দৃষ্টিনন্দন ও সমৃদ্ধ করার প্রত্যাশায় এবারের এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আমরা গর্বিত।’সংবাদ সম্মেলনে জানানো হয়, বিজয় দিবস ২০১০ পালিত হতে যাচ্ছে সবার যৌথ প্রচেষ্টায়। এবারের কুচকাওয়াজে যোগ হবে নতুন মাত্রা। বাঙালির বীরত্বগাথা দিয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডকে সাজিয়ে তোলা হবে। ’৫২ থেকে ’৭১ পর্যন্ত মুক্তিসংগ্রামের বিভিন্ন পর্যায়ের উজ্জ্বল ইতিহাস ও ঘটনাবলি আমন্ত্রিত অতিথি ও টেলিভিশনের মাধ্যমে দেশি-বিদেশি কোটি কোটি দর্শককে যেমন নাড়া দেবে, একই সঙ্গে জাতীয় প্যারেড গ্রাউন্ডকে করে তুলবে দৃষ্টিনন্দন। কুচকাওয়াজে নেতৃত্ব দেবে বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন।বিজয় দিবসের পরের দিন সন্ধ্যাকে আরও বর্ণিল, বর্ণাঢ্য ও অর্থবহ করে তুলতে আয়োজন করা হয়েছে সামিট বিজয় সন্ধ্যা। লেজার শোর পাশাপাশি এই সন্ধ্যাকে বর্ণিল ও উপভোগ্য করতে সংগীত পরিবেশন করবেন রুনা লায়লা, ফরিদা পারভীন, রেজওয়ানা চৌধুরী বন্যা, রফিকুল আলম, আবিদা সুলতানা, ফাহমিদা নবী, মমতাজ, দিলরুবা খান, রিজিয়া পারভীন প্রমুখ। এ ছাড়া দেশের বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় থাকবে সংগীত ও নৃত্য। আদিবাসীদের নৃত্য পরিবেশনা ছাড়াও থাকবে মুনমুন আহমেদের নৃত্য।দুর্নীতিবিরোধী কার্টুনদুর্নীতিবিরোধী মানববন্ধন, কার্টুন প্রদর্শনীসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদ্যাপন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। দিবসটি উপলক্ষে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নানা কর্মসূচি পালন করা হয়।বেলা আড়াইটায় চারুকলা ইনস্টিটিউটের সামনে ‘সুশাসিত স্বদেশ-সকলের সমান অধিকার চাই’ দুর্নীতি প্রতিরোধ স্লোগান নিয়ে মানববন্ধন করা হয়। পরে চারুকলা ইনস্টিটিউটের জয়নুল গ্যালারিতে ছিল দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা। ঢাবির উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ ছাড়া অনুষ্ঠানে টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজ উদ্দিন খান ও কার্টুনিস্ট আহসান হাবিব বক্তব্য দেন। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিল্পীদের আঁকা কার্টুনের প্রদর্শনী চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।তরুণ শিল্পীদের প্রদর্শনীনবীন শিল্পীদের ক্যানভাসের বর্ণিল রং আবারও ছড়িয়ে পড়ল গ্যালারির কোণে কোণে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে তারণ্যদীপ্ত এ প্র্রদর্শনী। প্রদর্শনীর উদ্বোধন করেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালি চৌধুরী।বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছর ১৫তম বার্জার তরুণ শিল্পী চিত্রকর্ম প্রদর্শনী প্রতিযোগিতায় প্রথম হয়েছেন নাজমুন নাহার, দ্বিতীয় সঞ্জয় বিকাশ দাস ও তৃতীয় হয়েছেন সোহেল রানা। ৫ ডিসেম্বর রাজধানীর শেরাটন হোটেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।গতকাল উদ্বোধনী দিনে প্রদর্শনী চলে বেলা সাড়ে তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনী চলবে ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।