শুক্র ও শনিবার ঢাকায় তির্যক নাট্যমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ ও ৬ জুন জাতীয় নাট্যশালায় ‘তির্যক নাট্যমেলা’ আয়োজনের মাধ্যমে চট্টগ্রামের তির্যক নাট্যদলের ৪০ বছর পূর্তিতে বছরব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠান শেষ হবে। এই নাট্যায়োজনে থাকবে তির্যকের ৪০ বছরের নাট্য-স্মারক প্রদর্শনী, আলোচনা ও সম্মাননা জ্ঞাপন। এ ছাড়া প্রতিদিন মুক্তমঞ্চে বিকেল পাঁচটায় চট্টগ্রামের লোকগান পরিবেশনা এবং প্রতিদিন সন্ধ্যা সাতটায় পরিবেশিত হবে আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত তির্যকের দুটি মঞ্চনাটক।

শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় নাট্যমেলা উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সমাজবিজ্ঞানী অনুপম সেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে তির্যকের ৪০ বছরের নাট্য-স্মারক প্রদর্শনীর উদ্বোধন করবেন সৈয়দ শামসুল হক।