শুক্রবার আসছে 'ইনক্রেডিবলস টু'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ইনক্রেডিবলস টু’ ছবির পোস্টার
‘ইনক্রেডিবলস টু’ ছবির পোস্টার

‘ইনক্রেডিবলস’ এক সুপারহিরো পরিবারের গল্প। যেখানে মা-বাবা আর তিন ছেলেমেয়ে, সবারই আছে অদ্ভুত, অবিশ্বাস্য সব ক্ষমতা। এসব ক্ষমতা কাজে লাগিয়ে দুষ্টু লোকদের শায়েস্তা করতে গিয়ে মজার সব কাণ্ড ঘটায় তারা। ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘দ্য ইনক্রেডিবলস’ ভক্তদের মন জয় করার পাশাপাশি প্রশংসা কুড়িয়েছে সমালোচকদের। পেয়েছে অস্কার পুরস্কার।
‘দ্য ইনক্রেডিবলস’ ছবির ভক্তদের অনেক দিন অপেক্ষায় রেখেছেন পরিচালক বব বার্ড। ছবিটির সিক্যুয়াল নির্মাণের কথা বলে পার করে দেন দীর্ঘ ১৩ বছর। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে গত ১৫ জুন পর্দায় এসেছে ‘ইনক্রেডিবলস টু’।
গত নভেম্বরে ছবিটির টিজার প্রকাশিত হয়। কিংবদন্তি অ্যানিমেশন চলচ্চিত্র পরিচালক ব্র্যাড বার্ডের পরিচালনায় ছবিটির টিজার মুক্তির পরই ইউটিউবে ঝড় তুলেছে। টিজারটি দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে দর্শক। মুক্তির পরই এটি চলে এসেছে সর্বকালের সবচেয়ে বেশি দেখা অ্যানিমেটেড টিজারের তালিকায়। আর সামগ্রিকভাবে আছে সপ্তম স্থানে। দ্য ইনডিপেনডেন্ট পত্রিকার ভাষ্যমতে, টিজারটি এ পর্যন্ত দেখা হয়েছে ১১ কোটি ৩০ লাখবার, আর তা বেড়েই চলেছে।
টিজারে দেখা যায়, শিশু জ্যাক-জ্যাক তার নতুন পাওয়া সুপার পাওয়ার নিয়ে খুবই উল্লসিত। বিক্ষিপ্তভাবে সে তার ক্ষমতা চারদিকে ব্যবহার করছে। বাবা তাকে নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছেন এবং ছেলের কাণ্ড দেখে তিনি বেশ বিস্মিত। এবার হেলেন বা এলাস্টিগার্ল ওয়ার্কিং মমের চরিত্রে রয়েছেন এবং তিনি পৃথিবী রক্ষার দায়িত্বে আছেন। অন্যদিকে, বব পার বা মিস্টার ইনক্রেডিবল রয়েছেন ‘হোম ড্যাড’-এর চরিত্রে। ছবিতে তাকে বাসার বিভিন্ন কাজে ভেলকি দেখাতে এবং তাদের তিন সন্তান ভায়োলেট, ড্যাশ ও জ্যাক-জ্যাকের দেখাশোনা করতে দেখা যায়।
মুক্তি পর দর্শকদের বিপুল সাড়া পেয়েছে ‘ইনক্রেডিবলস টু’ ছবিটি। ২০ কোটি ডলার বাজেটের ছবিটি মুক্তির প্রথম সপ্তাহেই আয় করেছে ৩৪ কোটি ডলারের বেশি। আর ২২ জুন ভারতে মুক্তি পাওয়ার পর মাত্র দুই দিনেই আয় করেছে চার কোটি রুপি। পিক্সার স্টুডিওর এখন পর্যন্ত প্রথম সপ্তাহের আয়ে সবচেয়ে এগিয়ে আছে ছবিটি। এরই মাঝে আয়ের দিক দিয়ে সর্বকালের ‘সেরা ১০ বিগেস্ট ওপেনিং ডোমেস্টিক ছবি’র তালিকায় জায়গা করে নিয়েছে ‘ইনক্রেডিবলস টু’।

এবার বাংলাদেশের দর্শকদের মাতাতে আসছে ছবিটি। আগামীকাল শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সে এ ছবি দেখতে পাবেন বাংলাদেশের দর্শকেরা।