শুক্রবার আসছে ‘জাগরণের গান-২’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঙালির সুদীর্ঘ সংগ্রামকে ধারণ করে আছে গণসংগীত। এসব গান সংগ্রামের পথে কখনো অগ্রযাত্রী, কখনো সহযাত্রী, কখনো প্রেরণাদাত্রী হয়েছে। হারিয়ে যেতে বসা গণসংগীত সংরক্ষণ, বাণীবন্ধকরণ ও তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে কাজ করছে জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণাকেন্দ্র। এরই ধারাবাহিকতায় কালোত্তীর্ণ ১০১টি গণসংগীত নিয়ে সংগঠনটি বের করছে জাগরণের গান-২ অ্যালবাম।গতকাল বুধবার শিল্পকলা একাডেমীতে জাগরণের গান-২-এর প্রকাশনা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজকেরা জানান, গত বছর প্রথমবারের মতো ৭১টি গণসংগীত নিয়ে জাগরণের গান নামের অ্যালবাম প্রকাশ করা হয়। সেটি দেশের সংগীতানুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়। গণসংগীতের প্রতি মানুষের এই বিপুল আগ্রহের কারণে এই দ্বিতীয় অ্যালবামটি করা হয়েছে। কাল শুক্রবার সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনের সামনে অ্যালবামের মোড়ক উন্মোচন করা হবে।সংবাদ সম্মেলনে জাগরণের কার্যনির্বাহী সদস্য মোস্তফা তৌহিদ খান বলেন, দেশের সব আন্দোলন-সংগ্রামে দেশাত্মবোধক গান সব অপশক্তির বিরুদ্ধে সাধারণ মানুষকে লড়াইয়ে অনুপ্রেরণা জুগিয়েছে। বিজয় ছিনিয়ে আনতে সহায়তা করেছে।বাংলালিংকের প্রধান নির্বাহী আহমেদ আবু দোমা বলেন, বাংলাদেশের মানুষ বিভিন্ন ক্ষেত্রে সংগ্রাম করেছে। এসব সংগ্রামের সাক্ষী তাদের গান। আর এই গান মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার উদ্যোগের সঙ্গে থাকতে পেরে বাংলালিংক গর্বিত।প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, গৌরবময় ভাষা আন্দোলন, স্বাধীনতাসংগ্রাম নিয়ে এসব গান শুনলে আবেগ, অনুপ্রেরণার সৃষ্টি হয়। গণসংগীতশিল্পীদের গান না শুনলে, না জানলে স্বাধীনতাসংগ্রামের দিনগুলোকে সম্পূর্ণভাবে উপলব্ধি করা যাবে না।চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, জাগরণের গান সবার মনে জাগরণ তুলেছে। দেশের গান মানুষ এভাবে ভালোবাসবে, এটা খুব বড় ব্যাপার। এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে।স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী অজিত রায় ‘বিশ্ব নিশান উড়ছে ওই, খুশির হাওয়ায় ফুল ফুটছে’ গানটি গেয়ে শোনান।এবিসি রেডিওর বার্তাপ্রধান সানাউল্লাহ লাভলু, স্টেপ মিডিয়ার পরিচালক এম সালেহ বাদল বক্তব্য দেন।সম্মেলনের শুরুতে জাগরণের শিল্পীরা সমবেত কণ্ঠে ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল’, ‘স্বাধীন স্বাধীন দিকে দিকে যাচ্ছে বাঙালিরা’, ‘শিল্পী সংগ্রামী পল রবসন’ গানগুলো গেয়ে শোনান।জাগরণের গান-২ অ্যালবাম প্রকাশে সহযোগিতা করছে বাংলালিংক। মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে প্রথম আলো, চ্যানেল আই ও এবিসি রেডিও। সার্বিক ব্যবস্থাপনায় স্টেপ মিডিয়া।মুক্তিযুদ্ধের দুর্লভ আলোকচিত্র ‘আঘাতের পর আঘাত’, ‘বাংলাদেশকে স্বীকৃতি দিল ভারত’, ‘জয় বাংলার জয়’—এই তিনটিই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে কয়েকটি সংবাদপত্রের সংবাদ শিরোনাম। বীর মুক্তিযোদ্ধাদের বীরত্ব, রণাঙ্গনে একেকটি এলাকায় মুক্তিযোদ্ধাদের বিজয়োল্লাস এবং মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ের দুর্লভ আলোকচিত্র ও দলিলপত্রের সংকলন ৭১ বিজয়ের সেই ক্ষণ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে।গতকাল শেরাটন হোটেলে বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান সংকলনটির মোড়ক উন্মোচন করেন। এ সময় অধ্যাপক আনিসুজ্জামান, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা জিম ম্যাকক্যাবে, সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীর উত্তম, ভাষাসৈনিক আবদুল মতিন, লুৎফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহযোগিতায় সি এম তারেক রেজার গ্রন্থনা ও সম্পাদনায় এটির প্রকাশক নিমফিয়া প্রকাশনা। সংকলনটি উদ্বোধন করে বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, যাঁরা এই বীরত্বগাথা আলোকচিত্রে ধরেছেন এবং সেই দুর্লভ আলোকচিত্র সংকলন করেছেন, এটি একটি অসাধারণ ভালো কাজ সম্পন্ন হয়েছে। তিনি নতুন প্রজন্মের দুটি শিশুর হাতে সংকলনটি তুলে দেন।অনুষ্ঠানে প্রাচ্যনাট আলোক প্রক্ষেপণ ও অভিনয়ের মধ্য দিয়ে একাত্তরের ঘটনাবলি তুলে ধরে সেই উত্তাল সময়ের দিনগুলোকে স্মরণ করিয়ে দেয়। সংকলনটিতে মুক্তিযুদ্ধকালে সংবাদপত্রের শিরোনাম, বীর মুক্তিযোদ্ধাদের পাকিস্তানি শত্রুদের সঙ্গে বীরদর্পে যুদ্ধ করার দৃশ্য, মুক্তিযোদ্ধাদের একটি একটি করে এলাকা শত্রুমুক্ত করে এগিয়ে যাওয়া, ভারতীয় মিত্রবাহিনীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে যুদ্ধে যোগ দেওয়া, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দৃশ্যসহ বহু দুর্লভ আলোকচিত্র রয়েছে।জানুয়ারিতে পঞ্চম আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উৎসবআগামী বছরের ৫ থেকে ৮ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে মুক্তি ও মানবাধিকারবিষয়ক পঞ্চম আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উৎসব। মুক্তিযুদ্ধ জাদুঘর এই উৎসবের আয়োজন করছে।আয়োজকেরা জানান, স্বাধীনতার ৪০ বছর পূর্তিতে আয়োজিত এবারের উৎসবের মূল কেন্দ্রে থাকবে গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপাধের বিচার এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা। চার দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে।গতকাল বুধবার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উৎসবের পরিচালক ফৌজিয়া করিম। সংবাদ সম্মেলনে উৎসব কমিটির সভাপ্রধান মফিদুল হক, প্রামাণ্যচিত্র নির্মাতা মানজারে হাসিন, রবিউল হোসেন ও মোশতাক আহমেদ উপস্থিত ছিলেন।সম্মেলনে জানানো হয়, যুদ্ধাপরাধীদের বিচার এবং যুদ্ধ ও নারী—এই দুটি বিষয়কে এবার গুরুত্ব দেওয়া হবে। উৎসবে আন্তর্জাতিক ও জাতীয় দুটি বিভাগ থাকবে। এবার প্রথমবারের মতো জাতীয় বিভাগ হবে প্রতিযোগিতামূলক। নবীন চলচ্চিত্রকার যাঁরা প্রথম বা দ্বিতীয় ছবি নির্মাণ করছেন, তাঁরা প্রতিযোগিতায় প্রামাণ্যচিত্র জমা দিতে পারবেন।আজ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত উৎসবের জন্য প্রামাণ্যচিত্র নেওয়া হবে। ৫, সেগুনবাগিচায় অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রামাণ্যচিত্র জমা নেওয়া হবে। বিস্তারিত বিবরণ মুক্তিযুদ্ধ জাদুঘরের ওয়েবসাইটে (www.liberationwarmuseum.org) পাওয়া যাবে।