শুক্রবার জাতীয় নাট্যশালায় 'বিষাদ সিন্ধু'

রাজধানীর শিল্পকলা একাডেমীতে শুক্রবার মঞ্চস্থ হতে যাচ্ছে নাটক ‘বিষাদ সিন্ধু’। মীর মশাররফ হোসেনের রচনা থেকে নেয়া নাটকটির নির্দেশনা দিয়েছেন সৈয়দ মামুন রেজা। ১৯ জুলাই সন্ধ্যা ৭.৩০ মিনিটে শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে নাটকটির প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। নাটকটি মঞ্চে আনছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (ত্রিশাল)-এর থিয়েটার অ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগ।
এ প্রসঙ্গে নির্দেশক সৈয়দ মামুন রেজা বলেন, ‘আমরা এই নাটকের মাধ্যমে বিশ্বের সকল যুদ্ধ, সংঘাত, নৃশংসতা ও হানাহানির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। ফিলিস্তিনের সাধারণ জনগণের ওপর যে নৃশংসতা চলছে তার তীব্র প্রতিবাদ জানাই। মানুষ যেন অর্থ, ক্ষমতা ও সম্পত্তির লোভে অন্ধ না হয়ে মানব প্রেম, ভালোবাসা, পরোপকারে ব্রত হয়ে বিশ্বে শান্তির সুবাতাস বয়ে আনে সেই কামনা করি।’
‘বিষাদ সিন্ধু’ নাটকটির বিভিন্ন চরিত্রে রয়েছেন ইমরান হাসান শিমুল, আতিকুর রহমান সুজন, উত্তম চন্দ্র শীল, রইস উদ্দীন আহাম্মদ, আশিক মাহমুদ, মনিরুজামান মনির, নূসরাত জাহান প্রমুখ।