শুক্রবার থেকে নিবন্ধন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯ নভেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে শুরু হচ্ছে ‘শাস্ত্রীয় সংগীত উৎসব’। চার দিনের এই উৎসব যৌথভাবে আয়োজন করছে বেঙ্গল ফাউন্ডেশন এবং আইটিসি ও এসআরএ (সংগীত রিসার্চ একাডেমি)। সার্বিক সহযোগিতা করছে প্রথম আলো। উৎসবটি সবার জন্য উন্মুক্ত। কিন্তু তার আগে নাম নিবন্ধন করতে হবে। নিবন্ধন শুরু হচ্ছে শুক্রবার। উৎসব নিয়ে কথা হলো বেঙ্গল ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক লুভা নাহিদ চৌধুরীর সঙ্গে। চার দিনের উৎসব আয়োজনের ব্যাপারে আগ্রহী হলেন কেন?বাংলাদেশে শাস্ত্রীয় সংগীতের চর্চা অব্যাহত রাখা এবং প্রচার ও প্রসারের উদ্দেশ্যে আমরা এই উৎসব আয়োজন করছি। এখন থেকে প্রতিবছর একই সময় এই উৎসব আয়োজনের পরিকল্পনা আছে আমাদের। আর্মি স্টেডিয়ামে উৎসব শুরু হবে ২৯ নভেম্বর সন্ধ্যা ছয়টায়। প্রথম দুই দিন সন্ধ্যা থেকে ভোর চারটা পর্যন্ত এবং আগামী ১ ও ২ ডিসেম্বর সন্ধ্যা ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত শাস্ত্রীয় সংগীত পরিবেশন করবেন দেশ-বিদেশের বরেণ্য শিল্পীরা।উৎসবে কোন শিল্পীরা শাস্ত্রীয় সংগীত পরিবেশন করবেন?ভারত থেকে আসছেন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া, পণ্ডিত শিবকুমার শর্মা, পণ্ডিত অজয় চক্রবর্তী, পণ্ডিত বির্জু মহারাজ, ওস্তাদ রশিদ খান, ওস্তাদ শহীদ পারভেজ, বিদুষী গিরিজা দেবীসহ আরও অনেকে। এই উৎসবে অংশ নিতে শুধু ভারত থেকেই আসছেন ৮১ জন শিল্পী। বাংলাদেশ থেকে অংশ নেবেন ওস্তাদ শাহাদাৎ হোসেন খান, প্রিয়াঙ্কা গোপ, মুর্তোজা কবির, এবাদুল হক, আলিফ লায়লা প্রমুখ। সব মিলিয়ে প্রায় ১০০ জন দেশি-বিদেশি শিল্পীর পরিবেশনা থাকবে। যাঁরা এই উৎসব উপভোগ করতে চান, তাঁরা কীভাবে অংশগ্রহণ করতে পারবেন?এই উৎসব সবার জন্য উন্মুক্ত। কিন্তু উৎসবের আগে আগ্রহী শ্রোতাদের ইন্টারনেটে কিংবা বেঙ্গল শিল্পালয় (ধানমন্ডি), বেঙ্গল আর্ট লাউঞ্জ (গুলশান), প্রথম আলো (কারওয়ান বাজার), অরণ্যে (বনানী) বিনা মূল্যে নাম নিবন্ধন করতে হবে। অনলাইনে নাম নিবন্ধন করতে পারবেন www.bengalfoundation.org ওয়েবসাইটে। মুঠোফোন বার্তার মাধ্যমে নাম নিবন্ধন করা যাবে। তার জন্য REG লিখে যেকোনো মুঠোফোন থেকে ৬৯৬৯ নম্বরে পাঠাতে হবে।উৎসবে দর্শক আর শ্রোতাদের জন্য কী ধরনের ব্যবস্থা থাকবে?যতটা ভালো ব্যবস্থা রাখা সম্ভব, তার সবই করছি। আমরা চাই সব বয়সী দর্শক-শ্রোতা যেন উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন। উৎসবস্থলে সংগীতের ইতিহাস নিয়ে প্রদর্শনী থাকবে। বইয়ের স্টল থাকবে। নির্ধারিত দামে খাবার সংগ্রহ করতে পারবেন। যাঁরা নিবন্ধন করবেন, তাঁদের উৎসবস্থলে আনা-নেওয়ার জন্য শাহবাগ, ফার্মগেট, মহাখালী ও উত্তরা থেকে নির্ধারিত পরিবহনের ব্যবস্থা করা হবে। এ ক্ষেত্রে তাঁদের অবশ্যই নিবন্ধনের কাগজটি দেখাতে হবে।