শুক্রবার থেকে শুরু থিয়েটার সপ্তাহ-২০১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্বোধনী দিনে মঞ্চস্থ হবে ফেরদৌসী মজুমদার অভিনীত ‘কোকিলারা’ নাটকটি
উদ্বোধনী দিনে মঞ্চস্থ হবে ফেরদৌসী মজুমদার অভিনীত ‘কোকিলারা’ নাটকটি

ডিসেম্বরের শুরুতে জমে উঠবে রাজধানীর নাট্যাঙ্গন। বেশ কয়েকটি উৎসবের খবর মিলেছে এরই মধ্যে। নাট্যানুরাগীদের জন্য সুখবর হচ্ছে, ডিসেম্বরের শুরুতে সপ্তাহব্যাপী নাট্যোৎসব আয়োজন করছে দেশের অন্যতম নাট্য সংগঠন ‘থিয়েটার’। ৪ ডিসেম্বর রাজধানী সেগুনবাগিচার জাতীয় নাট্যশালায় শুরু হবে ‘থিয়েটার সপ্তাহ-২০১৫’ শিরোনামের এই উৎসব।
থিয়েটারের সাংগঠনিক পরিচালক রামেন্দু মজুমদার প্রথম আলোকে জানিয়েছেন, ‘সবার ওপরে জীবন সত্য’ এই স্লোগান নিয়ে উৎসবে দলটির নিজস্ব ৭টি নাট্যপ্রযোজনার মঞ্চায়ন হবে। ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান এর উদ্বোধন করবেন। এ ছাড়া, অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী।
এরই মধ্যে এই আয়োজনকে ঘিরে একটি নতুন নাটক মঞ্চে নিয়ে আসছে ‘থিয়েটার’। ৫ ডিসেম্বর দলটির নতুন নাটক ‘মায়া নদী’র উদ্বোধনী মঞ্চায়ন হবে। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মারুফ কবির।
উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় মঞ্চায়ন হবে আবদুল্লাহ আল মামুন রচিত ও নির্দেশিত নাটক ‘কোকিলারা’। নাটকটির নব-রূপায়ণ করেছেন সুদীপ চক্রবর্তী। ৬ ডিসেম্বর মঞ্চায়ন হবে ‘কুহুকজাল’। এ নাটকটি রচনা করেছেন মাসুম রেজা এবং নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার। ৭ ডিসেম্বর মঞ্চায়ন হবে ‘মুক্তধারা’। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই নাটকটির নির্দেশনা দিয়েছেন নায়লা আজাদ। ৮ ডিসেম্বর মঞ্চায়ন হবে ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’। সৈয়দ শামসুল হক রচিত এই নাটকটি নির্দেশনা দিয়েছেন আবদুল্লাহ আল মামুন। নব-রূপায়ণ করেছেন সুদীপ চক্রবর্তী।
৯ ডিসেম্বর মঞ্চায়ন হবে ‘বারামখানা’। পান্থ শাহরিয়ারের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার। ১০ ডিসেম্বর উৎসবের সমাপনী সন্ধ্যায় মঞ্চায়ন হবে নাটক ‘মেরাজ ফকিরের মা’। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন আবদুল্লাহ আল মামুন।
এ ছাড়া, সমাপনী আয়োজনের অংশ হিসেবে ১০ ডিসেম্বর বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে ‘থিয়েটার পত্রিকার চল্লিশ বছর’ শীর্ষক সেমিনার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
এই উৎ​সবে প্রতি সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালায় শুরু হবে নাটকের প্রদর্শনী।