শুক্রবার বর্ষা উৎসব

বর্ষা এসেছে বেশ আগে। ক্যালেন্ডারের হিসেবে আষাঢ়ের প্রথম দিন থেকেই বর্ষার আনুষ্ঠানিক উপস্থিতি। আষাঢ় গিয়ে আজ ৪ শ্রাবণ। প্রতিবছর বর্ষার প্রথম দিনেই বর্ষা উৎসবের আয়োজন করে সত্যেন সেন শিল্পী গোষ্ঠী। এবার রমজানের কারণে বর্ষাকে সে সময়টিতে স্বাগত জানায়নি তারা। আগামী শুক্রবার সে শূন্যতা মেটাবে সংস্থাটি।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় ‘বর্ষা উৎসব’-এর আয়োজন করা হয়েছে। সংগঠনটির সাধারণ সম্পাদক মানজার চৌধুরী প্রথম আলোকে জানান, শুক্রবার এ উৎসব শুরু হবে সকাল ৭টায় শিল্পী এইচ. এম রতনের মেঘমল্লার রাগ পরিবেশনের মধ্যদিয়ে। দলীয় নৃত্যে অংশগ্রহণ করবে স্পন্দন, নৃত্যম, নৃত্যজন, নটরাজ ও সুরবিহার এবং আদিবাসী সংগঠন গারো কালচারাল একাডেমি, দলীয় সংগীতে অংশ নেবে সুর বিহার, বহ্নিশিখা, সুর সপ্তক, ওস্তাদ মোমতাজ আলী খান সংগীত একাডেমি ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠী।
এবারের উৎসবে ফেরদৌস আরা, মহিউজ্জামান চৌধুরী ময়না, প্রিয়াঙ্কা গোপ, বিজন চন্দ্র মিস্ত্রি, অনিমা রায়, আবু বকর সিদ্দিক ও বিমান চন্দ্র বিশ্বাসের একক গান করার কথা। একক আবৃত্তি পরিবেশন করবেন নায়লা তারাননুম চৌধুরী, আহকাম উল্লাহ ও ভাস্বর বন্দ্যাপাধ্যায়।