শুক্রবার শরৎ উৎসব
২৪ সেপ্টেম্বর শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারসংলগ্ন হাকিম চত্বরে বসবে শরৎ উৎসব। উৎসবের আয়োজক সত্যেন সেন শিল্পী সংস্থা। এ উৎসব প্রসঙ্গে সত্যেন সেন শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক মানজারুল ইসলাম চৌধুরী বললেন, ‘ঋতুভিত্তিক উৎসবগুলোর মধ্যে পয়লা বৈশাখ, বর্ষা উৎসব, নবান্ন উৎসব ও বসন্ত উৎসব নিয়মিতই হচ্ছে। শরৎকে নিয়ে শুধু ছায়ানট কয়েকবার উৎসবের আয়োজন করেছিল। এবার আমরা আয়োজন করছি। সংস্কৃতিব্যক্তিত্ব প্রয়াত ওয়াহিদুল হক সব সময়ই ঋতু উৎসবগুলোকে সামনে নিয়ে আসার জন্য বলতেন। এ ধরনের উৎসব যত বেশি আয়োজন করা যাবে, সবার মধ্যে তত বেশি মেলবন্ধন তৈরি হবে। আর অন্যরাও এ ধরনের উৎসব আয়োজনে আগ্রহী হবে। এভাবে সারা দেশে উৎসব ছড়িয়ে যাবে। ওয়াহিদুল হকের সেই পরামর্শটি আজকের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। তাই এবার আমরা এই উৎসব আয়োজন করেছি।’তিনি আরও বললেন, ‘শরতের প্রচুর গান ও কবিতা আছে। এ ধরনের উৎসব আয়োজনের ফলে ওই গান ও কবিতাগুলোর চর্চা বাড়বে।’শুক্রবার উৎসব শুরু হবে সকাল সাতটা ১৫ মিনিটে। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, আলী যাকের, গোলাম কুদ্দুছ ও হায়াৎ মামুদ। সকাল সাড়ে ১০টা পর্যন্ত চলবে উৎসবের প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব শুরু হবে বিকেল পাঁচটায়। আয়োজকদের কাছ থেকে আরও জানা গেছে, অনুষ্ঠানের সকালের পর্বটি চ্যানেল আই সরাসরি সম্প্রচার করবে।