শুটিং দেখে ঈদ বিনোদন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদে ঘুরতে বের হওয়া উৎ​সুক মানুষ দেখছে শাকিব খানের শুটিং l ছবি: লেখক
ঈদে ঘুরতে বের হওয়া উৎ​সুক মানুষ দেখছে শাকিব খানের শুটিং l ছবি: লেখক

রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট শহরের ব্যস্ততম রাস্তা। কিন্তু ঈদ এলে সেই রাস্তাটা যেন শীতনিদ্রায় যায়। কোনো দিকে কোনো রা নেই। ফুটপাতের দোকানগুলো নীল পলিথিন দিয়ে মোড়া, ফাঁকা জিপিও অফিসের দরজায় কয়েকটা বিড়ালের ছোটাছুটি, মাঝেমধ্যে দু-একটা বাস—ঈদের ছুটিতে ঝিমিয়ে পড়া জিরো পয়েন্টের এটাই স্বাভাবিক রূপ। কিন্তু গত শনিবার সেই রাস্তায় ছিল না ছুটির লেশমাত্র। স্বাভাবিক নিয়মেই ঈদের পরের দিনটাও এই রাস্তা নীরব থাকার কথা ছিল। কিন্তু সকাল ১০টা বাজতেই পুলিশ, শুটিংয়ের যন্ত্রপাতি ভরা পিকআপ ভ্যান, বড় বড় ট্রলি আর অসংখ্য মানুষে ভরে গেল জিরো পয়েন্টের রাস্তাটা। ফুটপাতে ঘুমিয়ে থাকা পথশিশুটি বিভ্রান্ত হয়ে গেল এসব দেখে। সে তো ঘুমিয়ে ছিল গুলিস্তান মোড়ে, নিজেকে যেন সে হঠাৎই এফডিসিতে আবিষ্কার করল! ঈদের পরদিন এমনই চিত্র ছিল গুলিস্তানের রাস্তার।
ঈদের পরদিনই জিরো পয়েন্টের মূল সড়কে সাজানো হয়েছিল রাজনীতি ছবির সেট। ঈদের ছুটিতে ফাঁকা রাস্তা পেয়ে পরিচালক বুলবুল বিশ্বাস সেখানেই শুটিং করার ফন্দি আঁটেন। কারণ ছবির জন্য তাঁর দরকার ছিল শহরের ব্যস্ত সড়কের শান্ত চিত্র। তাই ঈদের ছুটির সুযোগটি কাজে লাগালেন তিনি। কিন্তু শহুরে মানুষ কি আর সেই সুযোগ কাজে লাগাতে দেয়? একটু বিনোদনের জন্য শহরের কোনায় কোনায় ঢুঁ মারা শহুরে মানুষেরা শুটিংয়ের খবর পেয়েই যেন গুলিস্তানমুখী হয়ে ওঠে! কেউ আসে বাড্ডা থেকে, কেউ মহাখালী, কেউ আবার নারায়ণগঞ্জ থেকে শুটিং দেখতে আসে।
বেলা সাড়ে তিনটায় নারায়ণগঞ্জ থেকে গুলিস্তানে এসে পৌঁছান তমা। তরুণী তমার স্বপ্নের নায়ক শাকিব খান। তাই কোনো এক ভাইয়ের কাছ থেকে ফোনে শুটিংয়ের খবর পেয়েই ছুটে আসেন তিনি। এই রাজনীতি ছবির নায়ক তো শাকিব। তাই ঈদের পোশাক পরে, নিজেকে পুরোপুরি ঈদের সাজে সাজিয়ে নায়ক দর্শনে বের হন তমা। অন্যদিকে একই অবস্থা মহাখালীর নাজিমের। তিনিও ঈদের ছুটিতে ঘোরাঘুরির কোনো ভালো জায়গা পাচ্ছিলেন না। তাই এক বন্ধু মারফত শুটিংয়ের খবর পেয়ে চলে আসেন জিরো পয়েন্টে। হাসতে হাসতে বলেন, ‘আমার অনেক প্রিয় নায়ক তো, তাই একটু দেখতে এলাম।’
পরিচালক বললেন, ছবির একটি দৃশ্যে দেখানো হবে হরতালের মারামারিতে আটকা পড়ে নায়ক শাকিব খানের গাড়ি। সেই দৃশ্যের জন্য দরকার ছিল ফাঁকা রাস্তা এবং রাস্তায় মারামারির দৃশ্য ধারণের সুযোগ। সেই সুযোগ কতটা কাজে লাগাতে পেরেছেন পরিচালক, তা জানার আগেই আশপাশের আবহ বলে দিল, মৌসুমি ফেরিওয়ালারা শুটিংয়ের সুযোগকে ভালোভাবেই কাজে লাগিয়েছেন। শুটিংয়ের আশপাশের জায়গাজুড়ে বেলুনওয়ালা, বাদামওয়ালা, আমড়াওয়ালাদের ভিড়ে প্রায় মেলা জমে যায়। উৎসুক জনতার ভিড় আর উচ্ছ্বাস দেখে দিব্যি বোঝা যায়, শহরের মানুষেরা কতটা বিনোদন–খরায় ভুগছে। তাই তো একটু বিনোদনের আভাস পেয়েই ছুটে এসেছে তারা।
মুঠোফোন দিয়ে শুটিংয়ের ছবি তুলেছেন মো. দুলাল। ঈদের পরদিনই তাঁর অফিস খোলা। তাই মন খারাপ করে পল্টনের অফিসে বসে ঝিমোচ্ছিলেন। শুটিংয়ের খবর শুনেই চাঙা হয়ে ছুটে আসেন সেখানে।
বেলা গড়াতেই রাস্তার ভিড় বাড়তে থাকে। এ সময়টায় যখন পুলিশদের একটু আয়েশ করে কর্তব্য পালনের কথা, সেখানে ঈদের পরদিন রাস্তার ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিল তারা। ছবির কয়েকটি দৃশ্যের জন্য সত্যিকারের সেই পুলিশদেরও কয়েকটি শট নেওয়া হলো। ভাঙচুর, ব্যারিকেড দেওয়া রাস্তা, শাকিব খানের গাড়ি আটকে পড়া, পুলিশ আর হরতাল–সমর্থনকারীদের মারামারি—সব দৃশ্য ধারণ শেষ হলে বিকেল সাড়ে চারটায় শেষ হয় শুটিং।
শুটিংয়ের শেষ দৃশ্যে শাকিবের গাড়ি আটকে যায় ব্যারিকেডে। প্রবল জনস্রোত তখনো শাকিবকে এক নজর দেখবে বলে উৎসুক। কিন্তু শাকিব গাড়ি থেকে আর নামলেন না। জনতার মাঝে আমাকে দেখে হেসে বললেন, ‘ফোন করবেন, কী নিয়ে শুটিং হলো বলব।’ এরপর ভিড় ঠেলে গাড়িটি এগিয়ে গেল।