শুটিং মুহূর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিএফডিসির ৪ নম্বর ফ্লোরে বিয়েবাড়ির আমেজ। পুরো সেট যেন একটি বিয়েবাড়ি। গতকাল বিকেলে সেখানে ঢুকতেই দেখা গেল সেটে থাকা প্রত্যেকেই বিয়েবাড়ির সাজপোশাকে। কেউ পরেছেন ভারী শাড়ি, কেউ শেরওয়ানি, কেউ পরে আছেন লেহেঙ্গা, কেউ আবার চকমকে পাঞ্জাবি। সেখানে চলছিল প্রীতম হাসানের সুর ও সংগীতে তৈরি প্রতীক হাসানের গাওয়া ‘বেয়াইন সাব’ গানের মিউজিক ভিডিও ধারণের শুটিং। গতকাল প্রথম আলোয় প্রকাশিত ‘দায়িত্ববোধ থেকে গানের মডেল!’ শিরোনামের খবরে এ গানের শুটিংয়ের কথাই বলা হয়েছিল। কিন্তু তাতে গীতিকারের নামটি ভুল ছাপা হয়। শুটিং সেটে গিয়ে দেখা যায় গানের সুরকার ও সংগীতায়োজক প্রীতম এদিক-সেদিক ছোটাছুটি করছেন। গানটির বিষয়ে সঠিক তথ্য জানতে চাইলে তিনি বলেন, তাঁরা দুই ভাই (প্রতীক ও প্রীতম) মিলে বিয়ের উৎসব নিয়ে এ গানটি লিখেছেন। গানের ভিডিওতে চমক হিসেবে থাকছেন বিভিন্ন অঙ্গনের বিভিন্ন বয়সী একঝাঁক তারকা—অভিনেতা জাহিদ হাসান, ধারাভাষ্যকার জাফরউল্লাহ শরাফত, রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী, অভিনেতা সিয়াম আহমেদ, অভিনেত্রী শায়লা সাবি ও মডেল শারলিনা। প্রীতম আরও জানালেন, তারকা মডেলদের পাশাপাশি তাঁদের দুই সংগীতশিল্পী ভাইকেও দেখা যাবে এই ভিডিওতে। ‘বেয়াইন সাব’ গানটিতে আরও শোনা যাবে সংগীতশিল্পী নওমির কণ্ঠ। এ গানের ভিডিও তৈরি করছেন তানিম রহমান। গানটি শিগগিরই বাজারে আসবে গানচিলের ব্যানার থেকে। প্রথম আলো