শুটিং শেষে দেশে

নতুন ছবি ‘প্রেমী ও প্রেমী’র শুটিং শেষে স্কটল্যান্ড থেকে দেশে ফিরেছেন ঢাকাই ছবির ‘প্রিয়দর্শিনী’ নায়িকা মৌসুমী। ১৭ দিন পর আজ রোববার সকালে ঢাকায় ফেরেন তিনি।
বিমানবন্দর থেকে উত্তরার বাসায় ফেরার পথে মৌসুমী কথা বলেন প্রথম আলোর সঙ্গে। শুটিং অভিজ্ঞতা নিয়ে মৌসুমী বলেন, ‘এবারই প্রথম স্কটল্যান্ড গেলাম। খুব চমৎকার কিছু লোকেশনে আমরা শুটিং করেছি। নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরলাম। পুরো টিমটাও ছিল অসাধারণ।’
‘প্রেমী ও প্রেমী’ ছবিতে মৌসুমী অতিথি চরিত্রে অভিনয় করেছেন। ‘প্রেমী ও প্রেমী’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া এবং কলকাতার অঙ্কুশ। মৌসুমী বললেন, ‘নতুন এই ছবিতে আমি অভিনয় করছি অতিথি চরিত্রে। আমার অংশের শুটিং পুরোপুরি শেষ। ছবিতে সবাই আমাকে অঙ্কুশের বোন হিসেবে দেখতে পাবেন। আমি। আমার সঙ্গে একজনের প্রেম হয়। তারপর ঘটনা মোড় নেয় অন্যদিকে। আপাতত চরিত্র প্রসঙ্গে এর বেশি কিছু বলতে চাচ্ছি না।’
অশোক পাতি পরিচালিত প্রেমী ও প্রেমী ছবির শুটিংয়ের জন্য ১৭ জুন স্কটল্যান্ড যান মৌসুমী। ঢাকাই চলচ্চিত্রে বরাবরই প্রধান চরিত্রে অভিনয় করেন মৌসুমী। হঠাৎ করে অতিথি চরিত্রে অভিনয় প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘চলচ্চিত্রে উপস্থিতি অল্প সময়ের জন্য হলেও চরিত্রের গুরুত্ব কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তাই গল্প শুনে চরিত্র সম্পর্কে ভালো লাগার কারণে ছবিতে কাজ করেছি।’