শুটিং শেষে বাকরুদ্ধ কুসুম!
নাটকের শুটিং করতে গিয়ে বাকরুদ্ধ হয়েছিলেন টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী কুসুম সিকদার। গত ১৯, ২০ ও ২১ মে পুবাইলে এক ঘণ্টার একটি নাটকের শুটিং করতে গিয়ে এ অবস্থা। চ্যানেল আইয়ের জন্য নির্মিত নাটকটির নাম ‘বন্ধু হারানো আকাশ’। পরিচালনা করেছেন সুমন আনোয়ার। ঘটনাটি সম্পর্কে প্রথম আলো ডট কমকে কুসুম সিকদার বলেন, ‘প্রচণ্ড গরমের মধ্যে পুবাইলে নাটকটির শুটিং করেছি। একটি দৃশ্য ছিল চিৎকার করে কান্নাকাটি করা। পরিচালকের নির্দেশে দৃশ্যটিকে ফুটিয়ে তুলতে গিয়ে চিৎকার-চেঁচামেচি, কান্নাকাটি করলাম। শুটিং শেষে দেখা গেল, কারও সঙ্গে ভালো করে কথা বলতে পারছি না। গলার ব্যথায় জ্বরও এসে গেল। চিকিৎসকের পরামর্শে ওষুধ খেতে হয়েছে। এমনকি ২৩ মে একটি ধারাবাহিক নাটকের শুটিং করতে গিয়ে শেষ পর্যন্ত না করেই বাসায় ফিরে আসি।’কুসুম আরও বলেন, ‘ওই নাটকটির মাধ্যমে পাঁচ মাস পর এক ঘণ্টার কোনো নাটকের শুটিং করলাম। নাটকটিতে আমার সঙ্গে অভিনয় করেছেন নতুন একজন অভিনয়শিল্পী। পাঁচ মাস আগে একই পরিচালকের ‘তারপর লতা’ নামের এক ঘণ্টার একটি নাটকের কাজ করেছিলাম। সেটিও অবশ্য চ্যানেল আইয়ে দেখানো হয়।জানা গেছে, বন্ধু হারানো আকাশ নাটকটি ১ জুন দুপুরে চ্যানেল আইয়ে দেখানো হবে।বিভিন্ন চ্যানেল বর্তমানে কুসুম সিকদারের বেশ কয়েকটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। এর মধ্যে রয়েছে, এটিএন বাংলায় উত্তরাধিকার, চ্যানেল আইয়ে নো ম্যানস ল্যান্ড, এনটিভিতে দেয়াল ও দেশ টিভিতে জলপরি।