শুটিং সেটে রাজ্জাক

এ বছরের জুন মাসে কিংবদন্তি অভিনেতা রাজ্জাক অসুস্থ হয়ে পড়েছিলেন। অনেক দিন ধরে ছিলেন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। তবে এত দিনে রাজ্জাক-ভক্তদের জন্য এল সুখবর। আবারও অভিনয়ে ফিরেছেন চিত্রনায়ক রাজ্জাক। গত রোববার ঢাকার উত্তরায় একটি টেলিছবির শুটিং করেছেন তিনি। এই ছবির পরিচালক তাঁর ছোট ছেলে সম্রাট।
দায়ভার নামের এই টেলিছবিতে রাজ্জাকের সহশিল্পী ছিলেন ডলি জহুর, বাঁধন ও সম্রাট। উত্তরার ‘হইচই’ শুটিংবাড়িতে গতকাল সোমবারও টেলিছবিটির শুটিং করেছেন তিনি।
শুটিংয়ের ফাঁকে রাজ্জাক প্রথম আলোকে বলেন, ‘যেহেতু এখন শরীরটা ভালো, তাই কাজ করছি। তবে চিকিৎসকের নির্দেশনা মেনেই শুটিংয়ে এসেছি। সম্রাটের কাছ থেকে টেলিছবিটির গল্প শোনার পরই ভালো লেগে যায়। তাই কাজটি করা।’
রাজ্জাক এর আগে অভিনয় করেছিলেন তাঁরই আরেক ছেলে বাপ্পারাজ পরিচালিত কার্তুজ ছবিতে।
রাজ্জাক পরিচালিত সর্বশেষ ছবির নাম আয়নাকাহিনি। ইমদাদুল হক মিলনের আয়নাকাহিনি উপন্যাস অবলম্বনে ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড।