শুটিংয়ে অসুস্থ
পদ্মা নদীতে মাছ ধরছে জেলেরা। তাদের পাশ দিয়ে যাচ্ছে একটি নৌকা। সেই নৌকায় অনেকের সঙ্গে বসে আছে চৈতা পাগল। হঠাৎ সে নৌকা থেকে নদীতে ঝাঁপ দেয়। জেলেদের সঙ্গে সেও মাছ ধরবে। ডুব দিয়ে একটা মাছও ধরেছে সে। এরপর সবার অনুরোধে চৈতা পাগল আবার নৌকায় উঠে আসবে।—দৃশ্যটা ছিল এমনই।কিন্তু চৈতা পাগল চরিত্রের অভিনয়শিল্পী মাহফুজ আহমেদ নদী থেকে আর নৌকায় উঠতে পারছিলেন না। তাঁর চেহারা কেমন যেন ফ্যাকাশে হয়ে পড়েছিল। ক্রমেই নদীতে তলিয়ে যাচ্ছিলেন তিনি।অবস্থা খারাপ বুঝতে পেরে নৌকার অন্য যাত্রীরা এবং আশপাশের জেলেরা তাঁর কাছে ছুটে যান। নদীতে ঝাঁপ দেন। সবাই ধরাধরি করে মাহফুজকে নৌকায় তোলেন। ততক্ষণে আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখান থেকে নদীর তীরে যেতে তখনো প্রায় আধা ঘণ্টা লাগবে। শেষ পর্যন্ত উপায় না দেখে শুটিং বন্ধ করে ক্যামেরাম্যান রায়হান খান মাহফুজকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন এবং পুরো ইউনিট নিয়ে ক্যাম্পে ফিরে আসেন।ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে, বিক্রমপুরের হলুদিয়া গ্রামের কাছে পদ্মা নদীতে। এখানে মাহফুজ আহমেদের চৈতা পাগল ধারাবাহিকের কাজ হচ্ছে এখন।গতকাল মঙ্গলবার মুঠোফোনে মাহফুজ আহমেদ বলেন, ‘ওই দিন ছিল চৈত্র মাসের প্রথম দিন। আর রোদের তাপও ছিল প্রচণ্ড। শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম। হঠাৎ রক্তচাপ বেড়ে গিয়েছিল। আশপাশে কোনো চিকিৎসক নেই। বিকেল নাগাদ একজন চিকিৎসককে পাওয়া যায়। সবার দোয়ায় এখন আমি সুস্থ আছি। তবে শরীরটা অনেক দুর্বল মনে হচ্ছে।’গতকাল সকাল থেকে আবার চৈতা পাগল নাটকের শুটিং শুরু হয়েছে।