শুটিংয়ে আহত জনি ডেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাকশনধর্মী ‘দ্য লোন রেঞ্জার’ ছবির শুটিং করতে গিয়ে কোমরে চোট পেয়েছেন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ তারকা জনি ডেপ। একবার নয়, পর পর দুবার কোমরে আঘাত পেয়েছেন ৪৯ বছর বয়সী এ তারকা। কাজের প্রতি একনিষ্ঠ এ অভিনেতা তার পরও শুটিং চালিয়ে গেছেন। শুটিংয়ের ফাঁকে কোমরে মালিশ নিয়ে তাঁর দৃশ্যগুলোর কাজ ঠিক ঠিক শেষ করেছেন।ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে যুক্তরাষ্ট্রের ‘স্টার’ ম্যাগাজিন জানিয়েছে, সম্প্রতি ওই ছবির শুটিং করতে গিয়ে পর পর দুবার কোমরে ব্যথা পান ডেপ। এর পরপরই ডেপ উপলব্ধি করেন, বয়সটা তাঁর আসলেই বেড়েছে। এখন আর ঝুঁকিপূর্ণ দৃশ্যে স্টান্টম্যান না নিয়ে অভিনয় করাটা তাঁর জন্য নিরাপদ নয়। এখন স্টান্টম্যানের সহায়তা নিতেই হবে তাঁকে। ডেপের মানসিক অবস্থাও এখন খুব একটা ভালো নেই। কিছুদিন আগে দীর্ঘদিনের সঙ্গী প্রেমিকা ভেনেসা প্যারাডাইসের সঙ্গে বিচ্ছেদ ঘটেছে তাঁর। এ ছাড়া অনিদ্রা রোগটিও তাঁকে নিদারুণ ভোগাচ্ছে। সব মিলিয়ে ‘দ্য লোন রেঞ্জার’ ছবির কাজ করতে গিয়ে ভালোই বেগ পোহাতে হচ্ছে ডেপকে। আশার কথা, শিগগিরই ছবিটির কাজ শেষ হয়ে যাবে। এ জন্য নিজের আনন্দ আর চেপে রাখতে পারেননি ডেপ। মজা করে বলেছেন, ‘যাক, শেষ পর্যন্ত মুক্তি পেয়ে যাচ্ছি। আমার শরীর আর খুব বেশি দিন এই ধকল সইতে পারত না।’