৩১ জুলাই। সন্ধ্যা ছয়টা। ৯ নম্বর ফ্লোরে কেক কাটার প্রস্তুতি চলছে। প্রথম দেখাতেই মনে হলো এটি সিনেমার কোনো দৃশ্যের শুটিং। কিন্তু তা কী করে হয়?লাইট জ্বলছে না। ক্যামেরা চলছে না।ববিতা কেক কাটছেন। সবাই একসঙ্গে বলছেন, ‘শুভ জন্মদিন, ববিতা আপু।’এটাও তো হয় না। ববিতার জন্মদিন তো ৩০ জুলাই। আজ তো ৩১ জুলাই। এতক্ষণে ব্যাপারটা পরিষ্কার করলেন পরিচালক নার্গিস আক্তার। ‘গতকাল ৩০ জুলাই ছিল ববিতার জন্মদিন।’ জন্মদিনের দিন ববিতা শুটিংয়ে আসেননি। সবাই মিলে পরিকল্পনা করেছিলেন, পরদিন কেক কাটা হবে। সকাল থেকে ব্যাপারটা পরিচালক বেশি প্রচার করেননি। বিকেল পাঁচটার পরেই শুটিংয়ে বিরতি আনা হলো। পরিচালক শিল্পী সমিতির সভাপতি শাকিব খানকে আমন্ত্রণ জানালেন। তিনি এলেন। তখন ব্যাপারটি ববিতা জানলেন। ব্যস, কেক কাটা হলো। সে এক অন্য পরিবেশ। তারপর আবার কাজ শুরু হলো। ছবির নাম পুত্র এখন পয়সাওয়ালা। মা ও ছেলের গল্প। মায়ের চরিত্রে অভিনয় করছেন ববিতা। দরিদ্রতার মধ্যেই ছেলেকে বড় করে তোলেন। এরপর ছেলে বড় হয়। ছেলে পয়সাওয়ালা হয়। আস্তে আস্তে গল্প অন্যদিকে মোড় নেয়।গত ২৪ জুলাই থেকে এফডিসির ৯ নম্বর ফ্লোরে নার্গিস আক্তার এই ছবির শুটিং করছেন। ৫ আগস্ট পর্যন্ত ছবির শুটিং চলবে। ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন ববিতা, ইমন, সায়না আমিন, ফারাহ রুমাসহ আরও অনেকেই। পরিচালক বললেন, এবারের শুটিং শেষ হলে ছবির ৮০ ভাগ কাজ শেষ হয়ে যাবে। ৯ নম্বর ফ্লোরটি ছিল বেশ আলোকিত। বড় বড় আলোর প্রক্ষেপণই শুধু নয়, অনেক তারার উপস্থিতিই আসলে পুরো ফ্লোরকে আলোকিত করে রেখেছিল। সেখান থেকে বেরোনোর পর দেখা গেল চারদিক অন্ধকারাচ্ছন্ন। ল্যাম্পপোস্টের আলোয় যেন সেই অন্ধকার কাটে না। কোথাও কোনো কাজ নেই। আস্তে আস্তে এগোতে থাকি। জসিম ফ্লোরেও আজ কাজ নেই। এখানে ‘কে হবে কোটিপতি’ অনষ্ঠানের ধারণ কাজ করা হয়। এ জায়গাটিও অন্ধকার। এফডিসি বা চলচ্চিত্র শিল্প অন্ধকার থেকে বেরিয়ে আলোর মুখ দেখবে কবে?