শুটিংয়ে নয়, ভোট চাইতে এফডিসিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এফডিসির দেয়াল ছেয়ে গেছে এমন পোস্টারে
এফডিসির দেয়াল ছেয়ে গেছে এমন পোস্টারে

শুটিং না থাকলে সাধারণত চলচ্চিত্রের তারকা শিল্পীদের এফডিসিতে (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন) তেমন দেখা যায় না। তবে এখন প্রতিদিনই চলচ্চিত্রের অনেক তারকা শিল্পীকেই এফডিসিতে সময় কাটাতে দেখা যাচ্ছে। কারণ একটাই, সবাই ব্যস্ত ভোটপ্রার্থনায়। আগামী ৫ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে এখন তারকাদের আনাগোনায় সরগরম এফডিসি।
সভাপতি, সাধারণ সম্পাদকসহ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২১ পদের বিপরীতে একজন স্বতন্ত্র প্রার্থীসহ তিনটি প্যানেল থেকে মোট ৫৮ জন নির্বাচন করছেন। তাঁদের মধ্যে প্রায় দুই ডজন প্রার্থীই চলচ্চিত্রের তারকা শিল্পী, যাঁরা বিভিন্ন পদে একে অপরের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটপ্রত্যাশী তারকা শিল্পীদের মধ্যে আছেন রোজিনা, অঞ্জনা, নূতন, সুব্রত, অরুণা বিশ্বাস, মিশা সওদাগর, ওমর সানী, শহীদুজ্জামান সেলিম, বাপ্পারাজ, অমিত হাসান, মৌসুমী, রিয়াজ, ফেরদৌস, জায়েদ খান, পূর্ণিমা, পপি, ইমন, নিরব, সাইমনসহ অনেকেই। এসব তারকা শিল্পীর ভোটের প্রচার ঘিরে শিল্পী সমিতির সাধারণ সদস্য ও উত্সুক দর্শকের পদভারে সরগরম এফডিসির আঙিনা। বিভিন্ন প্যানেলের প্রার্থীদের ছবিসংবলিত বিলবোর্ড, আলাদা প্রার্থী পরিচিতি নিয়ে ফেস্টুন ও ব্যানারে ছেয়ে গেছে এফডিসি। সেখানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ভোটের প্রচারে ব্যস্ত সময় পার করছেন।
মিশা-জায়েদ প্যানেল থেকে সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়ক রিয়াজ। চলচ্চিত্রে অনিয়মিত হওয়ার পর থেকে এফডিসিতেও তেমন দেখা যায় না এই তারকা অভিনেতাকে। কিন্তু নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকে প্রায় দিনই ঢুঁ মারছেন এফডিসিতে। নিজ প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী জায়েদ খানকে সঙ্গে নিয়ে গত মঙ্গলবার সন্ধ্যার পর ক্যানটিন চত্বরে দেখা গেল তাঁকে। প্রচার-প্রচারণার ফাঁকে এই নায়ক বললেন, ‘ভোটে যখন দাঁড়িয়েছি, প্রচার তো চালাতেই হবে। মানুষের কাছাকাছি না গেলে ভোট পাব কীভাবে?’
একই দিন রাত আটটার পর একটি ছবির মহরত অনুষ্ঠান শেষে মান্না ডিজিটাল কমপ্লেক্স থেকে তড়িঘড়ি করে বেরিয়ে নির্বাচনী প্রচারে যাচ্ছিলেন এবারের নির্বাচনের সভাপতি প্রার্থী ওমর সানী। হাঁটতে হাঁটতে তিনি বললেন, ‘এবারের নির্বাচনটি হবে প্রতিযোগিতাপূর্ণ। বেশির ভাগ পদেই হাড্ডাহাড্ডি লড়াই হবে। এককভাবে কোনো প্যানেলই মনে হচ্ছে জয়ী হতে পারবে না।’ এই অভিনেতা জানান, সভাপতি পদে তাঁর জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।
এবার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচারের ব্যাপারে নির্বাচন কমিশন থেকে নিষেধাজ্ঞা রয়েছে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমকেই প্রচারক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন ভোটপ্রত্যাশী শিল্পীরা। ভোটারদের মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়েও চলছে প্রচারাভিযান।
এদিকে বেশ কয়েক দিন ধরেই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন স্থগিত হওয়ার খবর শোনা যাচ্ছিল। তবে এরই মধ্যে নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর বিষয়টি গুজব বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ‘গুজবে কেউ কান দেবেন না। নির্বাচন নির্ধারিত তারিখেই হবে।’
এবারের নির্বাচনে যে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে, তা হলো মিশা সওদাগর-জায়েদ খান, ওমর সানী-অমিত হাসান ও ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা। এর বাইরে একমাত্র সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।