এটিএন বাংলায় আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘কোথায় পাব তারে’। এটি রচনা করেছেন ইরাজ আহমেদ, পরিচালনা করেছেন এস এ হক অলীক। নাটকে অভিনয় করেছেন শাহরিয়ার শুভ। কথা হলো তাঁর সঙ্গে।‘কোথায় পাব তারে’ নাটকে মামুনের কী খবর?মামুন খুব ভদ্র, কাজকর্মে ভালো, নিয়ম মেনে চলে, শুধু মেয়েদের ভয় পায়। যেমন এখন একজন মডেল তাকে খুব পছন্দ করে। কিন্তু মামুন তাকে দেখলেই অস্বাভাবিক আচরণ শুরু করে। নাটকে মামুনকে ঘন ঘন পানি খেতে দেখা যায়। শুটিংয়ের সময় কত গ্লাস পানি খেতে হয়?কত গ্লাস নয়, বলুন কত বোতল। শুটিং শুরুর আগে পাঁচ লিটারের একটা বোতল নিয়ে ঢুকি। শুটিং শেষ হওয়ার আগেই ওটা শেষ হয়ে যায়। বলেন কী! এত পানির প্রয়োজন হচ্ছে কেন?মামুন ভয় পেলে পানি খায়, আবার খুশি হলে কিংবা রাগ নিয়ন্ত্রণ করার জন্যও পানি খায়। আর বলে, পানি খেলে কিডনি সুস্থ থাকে, শরীরের চামড়া ভালো থাকে। আর এত পানি খাওয়ার ফলে যা হওয়ার তা-ই হয়। বারবার ছুটতে হয়। নাটকে আমার চরিত্রটির মধ্য দিয়ে দর্শকদের আনন্দ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনি তো চ্যানেল ওয়ানের ‘গর্ভধারিণী’ ধারাবাহিকেও অভিনয় করছেন।নিজের উপন্যাস থেকে ধারাবাহিকটির নাট্যরূপ দিয়েছেন সমরেশ মজুমদার। নাটকে আমার চরিত্রটির নাম ‘আনন্দ’। আমি, হিল্লোল, সজল আর তিশা মিলে বৈপ্লবিক কিছু একটা ঘটানোর ইচ্ছা। সমাজটাকে পুরোপুরি পাল্টে দিতে চাই। কিন্তু সেটা তো আর সম্ভব নয়। তাই আমরা বিভিন্ন ব্যাপারে সবাইকে সচেতন করার চেষ্টা করি।এই নাটকে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।নাটকে কিছু দৃশ্যের জন্য আমাদের চারজনকে একসঙ্গে দরকার। সময় মেলানোর জন্য পরিচালক শঙ্খ দাশগুপ্ত রাতে শুটিং করার সিদ্ধান্ত নিলেন। কয়েক দিন আগে এফডিসিতে ওই কাজটি হয়েছে। দৃশ্যটি ছিল নকল ওষুধের কারখানা ঘেরাও করতে হবে। এফডিসিতে এত মশা! মশার আক্রমণে কাজ করাই দুষ্কর হয়ে পড়েছিল। শুটিংয়ের পর পরিচালকের ডেঙ্গুজ্বর হয়।বিটিভির ‘কেউ রবে না বাইরে’ নাটকে আপনার সহশিল্পী কে?ও অস্ট্রেলিয়ার নাগরিক, লিয়া স্যান্ডারসন। নাটকটি ইউনিসেফের। ও আমার সহশিল্পী। এবারই প্রথম অভিনয় করছে। ক্যামেরার সামনে তাকে স্বাভাবিক করার দায়িত্ব ছিল আমার ওপর। আর বাংলা সংলাপগুলো ওকে ইংরেজিতে লিখে দিয়েছিলাম। বিনোদন প্রতিবেদক